ঈদ সামনে রেখে সক্রিয় জাল টাকা তৈরির চক্র
ঈদ সামনে রেখে জাল টাকা ব্যবসায়ীদের কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ বলেছে, বাজারে ১০ কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এসব চক্রের। একটি চক্র ইতিমধ্যে ২ থেকে ৩ কোটি টাকার জাল নোট ছেড়েছে। পুলিশ একটি চক্রের সদস্যদের আটক করলেও আরও তিনটি সক্রিয় চক্র রয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকার পল্টন ও কোতোয়ালি এলাকা থেকে জাল টাকা প্রস্তুতকারী একটি চক্রের আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরাই পুলিশকে এসব তথ্য জানিয়েছেন। এ ছাড়া গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং যাত্রাবাড়ী থেকে ‘অজ্ঞান ও মলম পার্টির’ ২১ সদস্যকে গ্রেপ্তারের কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশ বলছে, ঈদ সামনে রেখে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যাতে প্রতারিত না হন সে জন্য প্রতিরোধমূলক কাজের অংশ হিসেবে তারা বিশেষ অভিযান চালাচ্ছে।
জাল টাকা প্রস্তুতকারী চক্রের গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন মো. রেজাউল ইসলাম ওরফে মুন্না (২৬), মো. আবদুল কাদের ওরফে অপু (২৮), মো. লতিফ (২৫), মো. ফজর আলী (২৯), মো. মহরম মিয়া (৩৮), সুমি বেগম (২০), মো. আবদুল বারেক (২৫) ও মো. সাদ্দাম (২৩)। এঁদের মধ্যে সাদ্দাম, বারেক, সুমি ও মহরমকে পল্টন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে কোতোয়ালি এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় চক্রের সদস্য মো. সোহেল পালিয়ে যান। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫২ লাখ টাকার জাল নোট এবং ৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, ১৫টি কার্টিজ, চারটি প্লাস্টিকের ছোট জার, চারটি কাঠের ফ্রেম, ৪৫০টি সাদা কাগজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, চক্রটির প্রধান হলেন রেজাউল ইসলাম। তাঁর নেতৃত্বেই জাল টাকার উৎপাদন ও বিপণনের চেষ্টা চালানো হচ্ছিল। জাল নোট তৈরির যন্ত্রপাতিও স্থাপন করা হয়েছিল তাঁর বাসাতেই।
মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা বলেছেন, গরুর হাটকে কেন্দ্র করেই তাঁরা জাল নোটগুলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন। অন্তত ৫ কোটি টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ইতিমধ্যে ২-৩ কোটি টাকা ছেড়েছেন বলেও জানিয়েছেন তাঁরা। এ ধরনের আরও তিনটি চক্রের সন্ধান পাওয়া গেছে, যাদের ১০ কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। জাল নোট শনাক্ত করতে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন বসানো হবে।
অজ্ঞান ও মলম পার্টির ২১ সদস্য গ্রেপ্তার
গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল ‘অজ্ঞান ও মলম পার্টির’ ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২১ জনকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে মনিরুল বলেন, তিন চক্রের ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনানাশক বা ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে। অধিক মাত্রায় এসব ওষুধ খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে এরা মানুষকে অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নেয়। দুদিন আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চা বিক্রেতা, ডাব বিক্রেতা, দূরপাল্লার বাস, যাত্রীদের বিশ্রাম ও খাওয়াদাওয়ার জন্য বিভিন্ন হোটেলে যে যাত্রাবিরতি দেওয়া হয়, সেসব জায়গায়ও এরা সক্রিয় থাকে।