ঈদ হতে পারে বর্ষণমুখর
এবারের পবিত্র ঈদুল ফিতর কাটতে পারে শ্রাবণের বর্ষণে। আকাশে থাকতে পারে ভারী মেঘ, নামতে পারে অঝোর বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন কথা বলা হয়েছে। তাই ঈদের আনন্দে মিশতে পারে বাদলের অনুভূতি।
পূর্বাভাস অনুযায়ী, সামনের কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সম্ভাবনা জোরালো করেছে গত কয়েক দিনের বৃষ্টি। বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকায় প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার। ঢাকার মতো পুরো বাংলাদেশই বৃষ্টিতে আচ্ছন্ন। তবে বৃষ্টির মাত্রা দক্ষিণ-পূর্বাঞ্চলে অনেক বেশি। সকাল থেকে ওই তিন ঘণ্টায় চাঁদপুরে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার। একই সময় চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ ২২ মিলিমিটার।
আবহাওয়া বিভাগের পরিচালক শাহ আলম প্রথম আলোকে জানান, এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। ঈদের দিনও বৃষ্টি থাকবে।
মৌসুমি বায়ু এখন বাংলাদেশসহ আশপাশে ভারতের রাজ্যগুলোতে বেশ সক্রিয়। এ জন্য বৃষ্টি হচ্ছে এসব অঞ্চলে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ স্থানে তাপমাত্রা বেশ কমে গেছে। রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।