ঈদকার্ডের নকশা করে বই পুরস্কার

চার বছরের শিশু আরিয়ান ইসলাম। ‘মেরিল বেবি-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা ২০১৪’-এর বিজয়ী। মা-বাবার হাত ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল শনিবার এসেছিল পুরস্কার নিতে। পুরস্কার পাওয়া বই নিয়ে ছবি তুলতে গিয়ে দেখা গেল, বইয়ে ঢাকা পড়ে যাচ্ছে আরিয়ান!
আরিয়ানের মতো ঈদকার্ডের নকশা প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে গতকাল পুরস্কার দেওয়া হয়। গত বছরের ৯ থেকে ২০ জুলাইয়ে প্রথম আলোর ‘এবার নিজেই করো আব্বু-আম্মুর জন্য ঈদকার্ডের নকশা’ আহ্বানে দ্বিতীয়বারের মতো এমন আয়োজন করা হয়েছিল। ভিন্ন মাত্রার এই আয়োজনে সহযোগিতায় ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সুপার মম। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বারক আলভী ও অশোক কর্মকার।
সারা দেশ থেকে ঈদকার্ডের নকশা পাঠিয়েছিল ১ হাজার ৮৯০ জন। তাদের মধ্য থেকে ১০ জন বিজয়ী হয়।
পুরস্কার নিতে দিনাজপুরের হিলি থেকে মা-বাবা ও বড় ভাইয়ের সঙ্গে গত শুক্রবার ঢাকায় এসেছে তানভীর। অতিথিদের সঙ্গে ছবি তুলছিল, অটোগ্রাফ নিচ্ছিল। কেমন লাগছে জানতে চাইলে তানভীরের জবাব, ‘খুব আনন্দ লাগছে’।
বিজয়ীরা প্রত্যেকেই উপহার হিসেবে পেয়েছে ১০ হাজার টাকা মূল্যমানের বই, নিজেদের নকশা করা কার্ডের ৫০০ ছাপা কপি ও সনদ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনিসুল হক, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিল্পী অশোক কর্মকার এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান।
মেরিল বেবি-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতায় ১০ বছরের কম বয়সীরা ছিল ‘ক’ বিভাগে আর ১৫ বছরের কম বয়সীরা ছিল ‘খ’ বিভাগে।
‘ক’ বিভাগে বিজয়ী—নওশিন আহমেদ, সাফির আইডিয়াল, আজিমপুর, ঢাকা; সাম্য কর, সেন্ট প্লাসিডস হাইস্কুল, চট্টগ্রাম; আরিয়ান ইসলাম, মাহাদ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা; মাইশা আহমেদ, আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল, ঢাকা; শেখ মোহাম্মদ আহনাফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
‘খ’ বিভাগের বিজয়ীরা হলো মনিরা রহমান, মরগ্যান বালিকা উচ্চবিদ্যালয়, নারায়ণগঞ্জ; ফারিহা আহমেদ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা; রাবেয়া বস্রী রাত্রি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, ফরাশগঞ্জ, ঢাকা; তানভীর শামস্ চৌধুরী, বাংলাহিলি পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর; সালমা খানম, জনতা ডিগ্রি কলেজ, নীলফামারী।