ঈদকে কেন্দ্র করে কুমিল্লা সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে নগরের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ শুরু করে দিয়েছেন তাঁরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া চাইছেন। কেউ বা সমর্থন আদায়ের জন্য চেষ্টা করছেন। সব মিলিয়ে কুমিল্লা নগর এখন ঈদের আনন্দের সঙ্গে নির্বাচনী আমেজেও ভরপুর। আনিসুর রহমানের উঠান বৈঠক: আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের কাপ্তানবাজার এলাকায় উঠান বৈঠক করেন। তালুকদারবাড়িতে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফরহাদুল মিজান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জসিম খান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের ভুলু। সেখানে তিনি এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন ও দোয়া চান। মনিরুল হকের মতবিনিময় সভা: সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করেছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে নির্বাচন করার দাবি জানান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রার্থী হওয়ার কথা জানান। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাজী নাজমুস সা’দাত, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর প্রমুখ। তবে বিএনপির আরেকটি অংশ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে মেয়র পদে নির্বাচন করার জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে। এ পর্যন্ত বিএনপি থেকে মেয়র পদে দুজনের নাম প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। এ ব্যাপারে আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘তফসিল ঘোষণার পর এ প্রসঙ্গে মন্তব্য করব। কেন্দ্রীয় বিএনপি নির্বাচন নিয়ে কী ভাবছে, সেটা জেনে কথা বলব।’ প্রচারণায় আওয়ামী লীগের দুজন: এদিকে আওয়ামী লীগের হয়ে মেয়র নির্বাচনে প্রচারণায় নেমেছেন দুজন। তাঁরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান। উভয় নেতা ইতিমধ্যে নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন। তাঁরাও নির্ধারিত সময়ে নির্বাচনের দাবি জানিয়েছেন।জাপা ও জাসদ নেতা যথাসময়ে নির্বাচন চান: কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ নির্ধারিত সময়ে সিটি নির্বাচনের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে তিনি নগরের চাঙ্গিনী, রাজাপুর, দিশাবন্দ, নবগ্রাম ও সংরাইশে সভা করেছেন। জাসদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল হক বলেন, নির্বাচিত মেয়র না থাকলে প্রশাসক দিয়ে সিটি করপোরেশনের উন্নয়ন হবে না। নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া দরকার। সানজিদার সংবাদ সম্মেলন: কুমিল্লা সিটি করপোরেশনের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করতে চান কাজী সানজিদা রহমান। তিনি গত শুক্রবার সকালে শহরের নানুয়া দিঘিরপাড়ের বাসায় সংবাদ সম্মেলন করে প্রার্থিতার কথা জানান। নির্বাচন হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানিয়েছেন।