ঈদকে সামনে রেখে ভারত থেকে এবার বেশি গরু আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাটে ভারতীয় গরুর আনাগোনা বেড়ে গেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার সীমান্ত গলে চোরাইপথে ঢুকে পড়ছে এসব গরু। একদিকে ভারতীয় গরু, অন্যদিকে ক্রেতা না থাকায় গরুর দাম এরই মধ্যে কিছুটা কমে গেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় খামারিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের সঙ্গে সীমান্ত থাকায় লালমনিরহাটের পাঁচ উপজেলার প্রায় ২০০ কিলোমিটার অংশ কাঁটাতারে ঘেরা। কিন্তু কাঁটাতারের এই বেড়ার বিভিন্ন স্পট দিয়ে প্রায় প্রতিদিনই ভারত থেকে গরু আসছে। এতে এলাকায় গরুর দাম কিছুটা কমে এসেছে বলে ব্যবসায়ীরা জানান।
পাটগ্রামের রসুলগঞ্জ হাটে গত রোববার পাঁচ শতাধিক গরুর আমদানি হয়েছিল। তবে অন্যান্য বছরের তুলনায় বছরের এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর ব্যাপারী না আসায় দাম কিছুটা কমে এসেছে।
উপজেলার পানবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী ইব্রাহীম, কাবুলসহ চারজন বলেন, গ্রামে গ্রামে ঘুরে তাঁরা স্থানীয় খামারিদের কাছ থেকে গরু কিনে হাটে বিক্রি করেন। বিভিন্ন জেলা, উপজেলা থেকে ব্যাপারীরা এসে হাট থেকে এসব গরু কিনে নেন। এবার হাটে আগের তুলনায় অনেক কম ব্যাপারী আসছেন। ক্রেতার অভাবে অন্যবারের চেয়ে চার থেকে পাঁচ হাজার টাকা কম দামে গরু বিক্রি করে দিচ্ছেন বলে জানান এসব গরু ব্যবসায়ী।
কয়েকজন স্থানীয় খামারি বলেন, ঈদুল আজহা উপলক্ষে লাভের আশায় অনেকেই প্রায় চার-পাঁচ মাস আগে ছোট ছোট গরু কিনে লালন-পালন শুরু করেছিলেন। কিন্তু ভারতীয় গরু বেশি আসায় দেশি গরুর দাম কমে গেছে। এতে অনেকে লাভ তো দূরে থাক, আসল উঠবে কি না, তা নিয়েই দুশ্চিন্তায় আছেন।
স্থানীয় খামারি নুর আমিন বলেন, প্রায় এক বছর ধরে দুটি দেশি জাতের বকনা বাছুর পুষে বড় করেছেন। এখন বিক্রি করতে নিয়ে দেখেন, গরুর খাবারসহ পরিশ্রমের টাকাও উঠছে না। তিনি আরও জানান, আশা করেছিলেন তাঁর খামারের বড় গরু দুটি প্রায় ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন। এখন একটি বিক্রি করেছেন মাত্র ৭০ হাজার টাকায়। আরেকটি লাখ টাকায় বিক্রি না হলে তিনি গরুটি এবার বিক্রিই করবেন না বলে জানান।
পাবনা থেকে রসুলগঞ্জ হাটে গরু কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাপারী বলেন, তাঁদের জেলায় কোরবানির গরুর ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু ভারতীয় গরু আসতে শুরু করায় অনেক ব্যবসায়ীই আর এখন গরু কিনছেন না। ঈদের এখনো অনেক সময় রয়েছে। গরুর দাম আরেকটু কমার অপেক্ষায় রয়েছেন তাঁরা। তিনি আরও বলেন, এই চালানে তিনি পাঁচটি গরু কিনেছেন। এগুলোর মোট দাম পড়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। নিজ এলাকায় গরুগুলো বিক্রি করে লাভ হলে পরের চালানে আরও বেশিসংখ্যক গরু কিনবেন বলে জানান ওই ব্যাপারী।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার সীমান্ত এলাকায় দাঁড়িয়ে কয়েকজন ভারতীয় গরু ব্যবসায়ী বলেন, সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তৎপরতা বাড়ায় এখন আর আগের মতো গরু পারাপার করা যায় না। কারণ যেটুকু ফাঁকা জায়গা রয়েছে (কাঁটাতার নেই), সেসব এলাকায় বিএসএফ তাদের টহল বাড়িয়ে দিয়েছে। তবে ইদানীং প্রায়ই বৃষ্টি হচ্ছে। এতে বিএসএফের পাহারায় কিছুটা ভাটা পড়ায় এই সুযোগে ভারতীয় গরু ঢুকছে।
পাটগ্রাম শুল্ক করিডরের সহকারী পরিদর্শক মোতিয়ার রহমান বলেন, ভারতীয় কড়াকড়ি কিছুটা কমে যাওয়ায় ও বৃষ্টি-বাদলের সুযোগে গত এক মাসে এই পথে ভারতীয় গরু আসা বেড়ে গেছে। গত বছরের তুলনায় এটা কয়েক গুণ বেশি। তিনি বলেন, ২০১৪ সালে ঈদের আগে আগস্ট মাসে ৩৬৪ ও সেপ্টেম্বরে ৯৯১টি গরু থেকে শুল্ক আদায় করা হয়। এবার শুধু আগস্টেই ২ হাজার ৫৭৩টি থেকে ও চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত ১ হাজার ৬২৬টি গরু থেকে রাজস্ব আদায় করে এই করিডর।