ঈদগাঁও সেবাখোলা মন্দিরে পূজা করা যাচ্ছে না
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের একমাত্র সেবাখোলা মা মগদ্বেশ্বরী মন্দিরে ১৪ দিন ধরে ধর্মীয় পূজা করতে পারছে না হিন্দু সম্প্রদায়ের মানুষ। কারণ, স্থানীয় প্রভাবশালী মোজাফফর আহমদ সশস্ত্র সন্ত্রাসী দিয়ে সেবাখোলার জমি দখল করে তাতে অবকাঠামো তৈরি করছেন। এ ব্যাপারে থানায় মামলা করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। গতকাল শনিবার বেলা ১১টায় কক্সবাজার শহরের ব্রাহ্মমন্দিরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ উত্থাপন করেন সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ। লিখিত অভিযোগে দীপক দাশ বলেন, গত ২২ জুন মোজাফফর বাহিনীর সন্ত্রাসীরা জমি দখলের জন্য মা মগদ্বেশ্বরী মন্দিরে হামলা চালায়। এ সময় বাবুল কান্তি দে, বিউ রঞ্জন দে, মুখেন্দু দেসহ ছয়জন গুরুতর আহত হন। ওই দিন হামলার ঘটনায় সেবাখোলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাগর কান্তি দাশ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মোজাফফর আহমদ (৫২), মোহামঞ্চদ আরিফসহ (২৮) ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সন্ত্রাসীরা এখন মামলা প্রত্যাহারের জন্য হিন্দুদের প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করছে। মামলার বাদী সাগর কান্তি দাশ বলেন, প্রায় ৯০ বছর আগে তৎকালীন জমিদার খান বাহাদুর মোজাফফর আহমদ চৌধুরী মন্দিরটি প্রতিষ্ঠার জন্য ৩৩ শতক জমি দান করেন। তখন থেকে এই মন্দিরে ঈদগাঁও, ইসলামবাদ, ইসলামপুর, ভারুয়াখালী, খুরুশকুল ইউনিয়নের অন্তত ১২ হাজার হিন্দু পূজা করে আসছে। কিন্তু ১৪ দিন ধরে সেখানে পূজা করা যাচ্ছে না। বর্তমানে মন্দিরের জমিতে সন্ত্রাসীরা ঘর নির্মাণ করছে এবং সেবাখোলায় চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দখলীয় জমিতে অবকাঠামো নির্মাণ বন্ধ এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করা হয়। এ ছাড়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ৮ জুলাই জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান, ৯ জুলাই প্রতিবাদ সমাবেশ, ১০ জুলাই জেলার সব মন্দিরে কালো পতাকা উত্তোলন ও ১২ জুলাই শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি।মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, গত ২২ জুন মোজাফফর আহমদের লোকজন সেবাখোলা জমি দখল করে একটি ঘর তৈরি করেন। মামলা করার পর পুলিশ ওই জমি থেকে মোজাফফরকে উচ্ছেদ করে এবং আসামিদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।