ঈদগাহ, পার্ক ও সড়ক রক্ষায় বালুমহালের ইজারা বন্ধের দাবি
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ঈদগাহ, সড়ক, খেলার মাঠ এবং উপজেলার একমাত্র শিশুপার্ক রক্ষায় চকবসন্ত বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকাবাসী।
বালু উত্তোলন বন্ধে ওই ইউনিয়নের চকবসন্তপুর, প্রস্তমপুর ও সারংগপুর গ্রামের তিন শতাধিক মানুষের গণস্বাক্ষর দিয়ে স্থানীয় সাংসদ, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর ডাকযোগে বিভিন্ন দপ্তরে আবেদন পাঠানো হয়।
চকবসন্তপুর গ্রামের আবদুল মান্নান ও প্রস্তমপুর গ্রামের আবদুল মজিদ জানান, বিরামপুরের পাশ দিয়ে বয়ে গেছে শাখা যমুনা নদী। এ নদীতে ১৬ দশমিক ২১ একরের বালুমহাল আছে। কয়েক বছর আগে ইজারা নিয়ে এ বালুমহাল থেকে বালু তোলা শুরু হয়। এতে ব্যাপকভাবে নদীর পশ্চিম পাড়ে ভাঙন শুরু হয়। নদীভাঙনের ফলে বিরামপুর-মাদিলাহাট সড়ক, চকবসন্তপুর ঈদগাহ মাঠ, ফুটবল খেলার মাঠ, এতিমখানা এবং বিরামপুরের একমাত্র শিশুপার্কটি হুমকির মুখে পড়েছে।
পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ায় বালু উত্তোলন বন্ধে তাঁরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। এতে গত বছর ইজারাদার ওই বালুমহাল থেকে বালু তুলতে পারেননি। একই কারণে এ বছরের (বাংলা সন) বিগত নয় মাসে কোনো ইজারাদার বালুমহালটি ইজারা নেননি। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে শেষ তিন মাসের জন্য বালুমহালটি ইজারা দেওয়া হয়েছে।
দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ জানান, ইজারা বন্ধের কোনো আবেদন তিনি পাননি। একটি চক্র ইজারা ছাড়াই সেখানে অবৈধভাবে বালুর ব্যবসা করত। ইজারা দেওয়ার কারণে বালুর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ওই চক্রটি বালুমহালটির ইজারা বন্ধ করার পাঁয়তারা করছে।