ঈদগাহে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নুনদহ ঈদগাহ মাঠে ইমামতি নিয়ে বিরোধ ও মারধরের ঘটনায় ১৪৪ ধারা জারি করায় সেখানে ঈদের নামাজ হয়নি। এ ঘটনার প্রতিবাদে ঈদের দিন বেলা ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নুনদহ গ্রামের শাহ সুফি ময়েজ উদ্দিন নুনদহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, নুনদহ ঈদগাহ ও নুনদহ খানকাহ শরিফ প্রতিষ্ঠা করেন। ময়েজ উদ্দিনের জীবদ্দশায় তাঁর ছেলে ফজলে রাব্বী কামিল পাস করেন এবং তিনি তখন থেকে নুনদহ জামে মসজিদে জুমার নামাজ ও ঈদগাহে ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। গত ৩০ আগস্ট সন্ধ্যায় রুপিহার বাজারে ফজলে রাব্বী ইফতার করে তাঁর প্রাইভেট কারে করে রাত আটটায় নুনদহ গ্রামের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। ওই সময় একটি সংঘবদ্ধ দল মাওলানা ফজলে রাব্বীর ওপর হামলা চালিয়ে তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। তাঁকে রক্ষার জন্য সাইফুল ইসলাম, শামীম হোসেন, হাওয়া বিবি ও মাহফুজা বেগমসহ অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনার কলি নুনদহ ঈদগাহ মাঠে ৩১ আগস্ট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এরপর মুসল্লিরা রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় অনির্ধারিত স্থানে ঈদের নামাজ আদায় করেন। পরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ ঘটনায় ফজলে রাব্বী বাদী হয়ে গতকাল শুক্রবার ১১ জনের নামে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।