ঈদগাহের ইটে ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা ঈদগাহ মাঠের ইট খুলে নিয়ে রাসেল স্মৃতি সংঘের ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। ইট খুলে নেওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে ঈদগাহের মাটি ধসে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বন্যার সময় চলনবিলবেষ্টিত বিলসা গ্রামের ঈদগাহটি বিলের উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হতো। গ্রামবাসী বিষয়টি স্থানীয় সাংসদকে জানালে ২০০৯-১০ অর্থবছরে ১১ টন খাদ্যশস্য এবং ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। ওই অনুদানে ঈদগাহের মাটি ভরাটসহ ঈদগাহকে বন্যার কবল থেকে রক্ষা করতে একটি গার্ডওয়াল নির্মাণ করা হয়। কিন্তু রাসেল স্মৃতি সংঘের ভবন নির্মাণের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম গার্ডওয়ালের ইট খুলে নেন।গ্রামবাসী জানান, মনিরুল ইসলাম স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের ভাতিজা। তিনি একজন ঠিকাদারের কাছ থেকে রাসেল স্মৃতি সংঘের নামে ইট সংগ্রহ করেন। তারপর সেই ইট দিয়ে মাস খানেক আগে আরসিসি ঢালাই করে সংঘের ভবন নির্মাণের কাজ শুরু করেন। পরে সংঘের নামে দুই টন খাদ্যশস্য বরাদ্দ দেন সাংসদ। কিন্তু তা দিয়ে কোনো কাজ না করে আত্মসার্যা করা হয়েছে। পরে ঈদগাহের ইট দিয়ে শুরু করেন ভবন নির্মাণের কাজ।বিলসা গ্রামের ময়না ও রমিজুল বলেন, দল ক্ষমতায় আসার পর থেকে ইচ্ছামতো বিভিন্ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসার্যা করছেন মনিরুল। ঈদগাহের জন্য বরাদ্দ আনুমানিক পাঁচ হাজার ইট নিয়ে সংঘের কাজ করছেন মনিরুল।ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সাংসদের বড় ভাই মনিরুলের বাবা মো. আবদুল গফুর কোনো মন্তব্য করেননি। ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাজদার হোসেন বলেন, মনিরুল কাউকে না জানিয়ে অবৈধভাবে ঈদগাহের ইট নিয়ে রাসেল স্মৃতি সংঘের ভবন নির্মাণের কাজ করছেন। সংঘের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। রাসেল স্মৃতি সংঘের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ঈদগাহের ইটগুলো অরক্ষিত পড়ে ছিল। সংঘের ভবন নির্মাণের জন্য ধার হিসেবে সেগুলো নেওয়া হয়েছে। পরে ফেরত দেওয়া হবে।