ঈদগাহের নাম পরিবর্তনকে কেন্দ্র করে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া ঈদগাহ মাঠের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন আজ সোমবার দুপুর ১২টা থেকে ঈদের দিন মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঈদগাহ মাঠ ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেন।

এলাকাবাসী জানায়, উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (দশপাড়া হযরত কবির উদ্দিন কামিল মাদ্রাসা ঈদগাহ) ঈদের জামাত আদায় করার জন্য প্যান্ডেল তৈরির কাজ চলছিল। এ সময় পার্শ্ববর্তী জায়গীর গ্রামের কয়েকজন লোক এসে ঈদগাহ মাঠের ফটকের নামটি মুছে দেয় এবং নতুন করে জায়গীর গ্রামের নামে জায়গীর ঈদগাহ মাঠ লেখার প্রস্তুতি নেয়। এতে দশপাড়া গ্রামের লোক বাধা দিলে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় দেশীয় অস্ত্রের মহড়া। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দশপাড়া গ্রামের ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা দশপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করছি। দশপাড়া, ষোলপাড়া, জায়গীর, চণ্ডীপাশা, সাতপাড়া, বারপাড়া ও সুন্দলপুরসহ ১২টি গ্রামের লোক এ মাঠে ঈদের নামাজ পড়তে আসে। বছরে দুই ঈদে দূর দূরান্তে থাকা গ্রামবাসীদের সঙ্গে দেখা হয়, কথা হয়। তা ছাড়া যেহেতু গ্রামের নামে ঈদগাহ মাঠ, সে ক্ষেত্রে নাম মুছে ফেলা মানে দশপাড়া গ্রামকে মুছে ফেলা। এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।’

এদিকে জায়গীর গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান তালুকদার (৫৬) বলেন, ‘দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দশপাড়া কামিল মাদ্রাসাটি জায়গীর মৌজায় অবস্থিত। সে হিসেবে আমরা মৌজার নামে ঈদগাহটিকে জায়গীর ঈদগাহ নামকরণ করতে চাচ্ছি।’

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ঘোষ বলেন, দশপাড়া ঈদগাহ মাঠের জায়গাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

ইউএনও মো. আল-আমিন বলেন, বড় ধরনের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।