ঈদবাজার মাতাচ্ছে কিরণমালা
আট বছরের মেয়েটি দোকানের ভেতরেই কেঁদে গড়াগড়ি। এবার ঈদে তার চাই ‘কিরণমালা জামা’। অনেক চেষ্টা করেও মা মন ঘোরাতে পারলেন না। শেষ পর্যন্ত দেড় হাজার টাকা খরচ করে কিনে দিতে হলো কিরণমালা জামা।
শুধু কি আট বছরের মেয়েটি! কিরণমালা জামায় আকৃষ্ট শিশু, তরুণী, যুবতী সবাই। এবার ঈদের বাজার মেতেছে ওই পোশাকেই।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাপড়ের দোকানগুলোতে ঢুকলেই চোখে পড়ছে রং-বেরঙের কিরণমালা জামা। বাজারে এই পোশাকের এখন ব্যাপক চাহিদা। ১ হাজার ২০০ থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত দাম চলছে এই উপজেলায়। আরও বেশি দামেরও নাকি এ জামা পাওয়া যায়।
গত বৃহস্পতিবার উপজেলা সদরের একটি দোকানে জামা কেনার সময় কথা হয় ১৫ বছরের তানজিলা আকতারের সঙ্গে। সে বলে, ‘যখন যেটা চলছে, তখন সেটা না পরলে মানাবে? আমার সব বন্ধুই এবার ঈদে কিরণমালা জামা কিনবে। আমিই বা বাদ থাকি কী করে?’
কাপড় ব্যবসায়ী রাজু আহমেদ (৩৫) বলেন, ‘এবার ঈদে নতুন আকর্ষণ হিসেবে এসেছে কিরণমালা জামা। একটি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার পোশাকের অনুকরণে এ জামা বাজারে এসেছে।’