ঈদমেলার নামে জুয়ার আসর ও অশ্লীলতা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর ওপারে মহারাজপুরে ঈদমেলার নামে চলছে জুয়া আর অশ্লীলতা। গত শুক্রবার রাতে মেলায় গিয়ে পুতুলনাচ, জাদু প্রদর্শনী ও ভ্যারাইটিস শোর ১৫ থেকে ২০টি প্যান্ডেল ঘুরে দেখা গেছে, মেলায় টিকিট কাউন্টারগুলোর পাশে অর্ধনগ্ন মেয়েরা দাঁড়িয়ে তরুণ-যুবকদের প্রতি নানা অশ্লীল অঙ্গভঙ্গি করছে। তারা নাচ দেখার জন্য টিকিট কাটার আমন্ত্রণ জানাচ্ছে। দর্শকদের মধ্যে কেউ কেউ এসব মেয়েকে নানা প্রস্তাব দিচ্ছে। এ ছাড়া যাত্রাপালার নামেও মেলায় চলছে অশ্লীল নাচ।মেলার অর্ধশতাধিক স্টলে জুয়া খেলছে বিভিন্ন বয়সের মানুষ। এর মধ্যে তরুণ-যুবকেরাই বেশি। স্থানীয় সূত্রগুলো জানায়, এ মেলা চলে ইউনিয়ন পরিষদের নামে ও মেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদাধিকারবলে ইউপি চেয়ারম্যান। তবে সাংসদ আবদুল ওদুদ ও তাঁর ঘনিষ্ঠ লোকজন সবকিছু নিয়ন্ত্রণ করেন। মেলার আয়ের সামান্য অংশই ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়।মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সতেমান আলী বলেন, ‘কীভাবে মেলা চলছে তা সবার জানা। আমি এ ব্যাপারে কিছুই বলব না।’ মেলায় কর্তব্যরত সদর থানার উপপরিদর্শক জাহিদ হাসান বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি। মেলায় কী হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব ওপরওয়ালাদের। সদর থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা বলেন, মেলার সঙ্গে অনেক পক্ষ জড়িত। সবার সদিচ্ছা ছাড়া সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন। সদর আসনের সাংসদ আবদুল ওদুদ বলেন, সহনীয় মাত্রায় নাচ-গান হচ্ছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত অশ্লীল নাচের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। এ ব্যাপারে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আর একটু বিনোদনের জন্যই মেলায় আসে গ্রামীণ জনপদের মানুষ। মেলায় একটু নাচ-গান, যাত্রা না হলে কি মেলা জমে? জুয়ার ব্যাপারে তিলি বলেন, পাঁচ-সাত টাকা দানের বেশি টাকার জুয়া খেলা হয় না এখানে। মেলার আয় বাড়ানোর জন্যই এসব করতে হয়।