ঈদযাত্রা শুরু, ট্রেনের টিকিটের জন্য ভিড়

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। গতকাল শুক্রবার ঈদযাত্রা করেছেন অনেকে। ট্রেনের টিকিটের জন্য গতকাল ছিল মানুষের প্রচণ্ড ভিড়। বাস ও লঞ্চের টিকিট কিনতেও ছোটাছুটি করেছেন অনেকে। টিকিট না পেয়ে অনেককে ফিরতে হয়েছে খালি হাতে।
গতকাল ট্রেনের ২৩ সেপ্টেম্বর যাত্রার আগাম টিকিট দেওয়ায় কমলাপুর রেলস্টেশনে ছিল টিকিট-প্রত্যাশীদের দীর্ঘ সারি। কারণ, ঈদের আগে ২৩ সেপ্টেম্বরই সর্বশেষ কর্মদিবস। আগের রাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকে। আজ শনিবার কমলাপুর থেকে বিক্রি হবে ২৪ সেপ্টেম্বর যাত্রার টিকিট।
রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল—গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে বাড়িমুখী মানুষের ভিড় দেখা গেছে। চাকরির কারণে যাঁরা আগে যেতে পারছেন না, তাঁরা গতকাল পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কল্যাণপুর, গাবতলীতে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারে ছিল যাত্রীদের ভিড়। সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, দিগন্ত পরিবহনসহ কয়েকটি বাসের কাউন্টারের সামনে কয়েকজন যাত্রী জানান, শেষ মুহূর্তে যানজট ও কষ্ট এড়াতে আগেভাগে ঢাকা ছাড়ছেন তাঁরা।
বরিশাল-পটুয়াখালী-বরগুনাগামী সাকুরা পরিবহনের সহকারী ব্যবস্থাপক মো. আলমাস প্রথম আলোকে বলেন, গতকাল অনেক মানুষ ঢাকা ছেড়েছে। সোহাগ পরিবহনের বুকিং ক্লার্ক মো. আবদুল্লাহ বলেন, ২০ সেপ্টেম্বর থেকে আরও বেশি যাত্রী ঢাকা ছাড়বেন বলে তাঁরা আশা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলিয়া ইসলাম যাবেন যশোরে। গাবতলী টার্মিনালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। সহপাঠীরা সব বাড়ি যাচ্ছেন। তিনিও যাচ্ছেন।
গাবতলী টার্মিনালে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিব এসেছিলেন স্ত্রী-সন্তানকে বাসে উঠিয়ে দিতে। তিনি বলেন, যানজট ও ঝামেলা এড়াতে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।
২১ সেপ্টেম্বর থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি পথে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। এ জন্য যাত্রীরা শেষ মুহূর্তে টিকিটের জন্য ঘুরে বেড়াচ্ছেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিটের সংকট থাকায় তাঁদের অনেকে ব্যর্থ হয়ে ফিরেছেন।
সুরভী-৯ লঞ্চের কর্মচারী শাইখ হোসেন বলেন, ‘ঈদের আগে আমাদের কোনো কেবিন খালি নেই।’
কুড়িল থেকে টিকিটের খোঁজে আসা রিপন মিয়া বলেন, ‘২৩ সেপ্টেম্বর বরিশাল যাব। পারাবত লঞ্চের প্রথম শ্রেণির ডাবল কেবিনের অগ্রিম টিকিটের জন্য গেলে লঞ্চের মাস্টার নুরুল আমিন বলেছেন, ওই দিনের কেবিন খালি নেই।’
অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সদস্য সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, ঈদে কেবিনের যাত্রী বেশি থাকে, কিন্তু চাহিদার তুলনায় লঞ্চ থাকে কম। অনেকেই অগ্রিম টিকিট বুকিং দিয়েছেন। তবে এ বছর টার্মিনাল এলাকায় স্থাপিত নতুন টিকিট কাউন্টার থেকে কিছু লঞ্চের অগ্রিম টিকিট বুকিং দেওয়া হচ্ছে।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ২১ সেপ্টেম্বর থেকে ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল শুরু হচ্ছে। যাত্রীদের নির্বিঘ্নে নদীপথে বাড়ি ফেরার জন্য বিআইডব্লিউটিএ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।