ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করব: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারব—এমন আশ্বাস দিচ্ছি না। তবে তাদের যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করব।’
গতকাল শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের সারাব এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে একটি আন্ডারপাসের উদ্বোধন করে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। রোগী এবং সাধারণ মানুষের রাস্তা অতিক্রমের সুবিধার জন্য কালিয়াকৈর-নবীনগর সড়কে এ আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘ঘরমুখী মানুষদের স্বস্তি দিতে আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি। যানজট নিরসনে পুলিশের সঙ্গে রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজ রাখছেন। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব। কারও ধৈর্য নেই। উল্টোপথে গাড়ি নিয়ে চলে।’
সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, উল্টোপথে গাড়ি চললেই মামলা দেওয়া হবে। পুলিশকে বলা হয়েছে, উল্টোপথে যাঁরাই যাবেন, তিনি মন্ত্রী হন, সাংসদ হন কিংবা ভিআইপি হন, তাঁদের বিরুদ্ধে সাধারণ মানুষের মতোই ব্যবস্থা নেওয়া হবে।