
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকার আশপাশে যানজটপ্রবণ ১০টি স্থানে ৯০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদের আগের পাঁচ দিন স্বেচ্ছাসেবকেরা পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবেন।
গতকাল রোববার রাজধানীর গাবতলী টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, তিন পালায় স্বেচ্ছাসেবকেরা কাজ করবেন। প্রতি পালায় ৩০০ জন কাজ করবেন। স্কাউট, বিএনসিসি, এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশুলিয়ার জিরাব বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়ে, চন্দ্রা মোড়, কোনাবাড়ী, কালিয়াকৈর মোড়, নবীনগর মোড়, কাঁচপুর, ভুলতা, মেঘনাসহ গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক থাকবেন। এ ছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, ভোগরা ইত্যাদি স্থানে কমিউনিটি পুলিশ কাজ করবে।
মন্ত্রী বলেন, ঈদযাত্রায় মহিলা ও শিশুদের কথা বিবেচনা করে মহাসড়কের কিছু স্থানে এবং ফেরিঘাটে অস্থায়ী ভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে।
মন্ত্রীর পরিদর্শনকালে বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।