ঈদযাত্রায় বেশির ভাগ ট্রেন ছাড়ছে ঠিক সময়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর স্টেশনে আজ সকালে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা যায়। বেলা হতেই তাতা কমে আসে। ছবি: আহমেদ দীপ্ত
কমলাপুর স্টেশনে আজ সকালে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা যায়। বেলা হতেই তাতা কমে আসে। ছবি: আহমেদ দীপ্ত

ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনে আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে ভোর থেকে ঘরমুখী মানুষের ঢল নামে। তবে বেলা সাড়ে দশটা নাগাদ তা অনেকটাই কমে আসে। কয়েকটি ট্রেন ছাড়া বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।

সড়কের যানজটের ঝক্কি এড়াতে বিকল্প হিসেবে রেলপথে ভ্রমণই এখন বেশির ভাগ মানুষের পছন্দ। ফলে ভিড় হলেও যাত্রীদের মধ্যে ছিল স্বস্তি।

চাকরিজীবী জাকিরুল ইসলাম রংপুর এক্সপ্রেসে চেপে গ্রামের বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, ‘ট্রেনে দুই-দশ মিনিট আধা ঘণ্টা দেরি হলেও সয়ে যায়। কারণ, ট্রেনে তো আরামে যাওয়া যায়। সড়কে গেলে তো দেখা যাবে আরও বেশি জ্যামে পড়তে হবে। বাবা মার সঙ্গে ঈদ করতে পারব এটাই আনন্দ।'

নীলসাগর এক্সপ্রেসের যাত্রী কচুক্ষেতের গৃহিণী জান্নাতুন ফেরদৌস। তিনি নওগাঁয় শ্বশুর বাড়িতে ঈদ উদ্‌যাপনে যাচ্ছেন পরিবারের চার সদস্যের সঙ্গে। যানজট এড়াতে তাই সকালেই স্টেশনে চলে আসেন। তিনি বলেন, ‘ট্রেন দেরি হোক সমস্যা নেই। পরিবারের সঙ্গে ঈদ করতে পারব এতেই ভালো লাগবে।’

তবে ট্রেনে স্বস্তি থাকলেও কিছুটা অভিযোগ জানান ধানমন্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মাজহারুল হক। পরিবারে ছয় সদস্যকে নিয়ে কিশোরগঞ্জের গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। বলেন, 'এই ট্রেনের সিটগুলো ভালো না। সিট গুলো ভালো হলে বসে আরাম পেতাম।'

এবার কমলাপুর স্টেশনের ট্রেনগুলোর ছাদে কেউ যেন উঠতে না পারে সেদিকে কড়া নজর রেখেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। কেউ ছাদে উঠলে তাঁকে নামিয়ে দেওয়া হচ্ছে। সকালে নীলসাগর এক্সপ্রেস কমলাপুর স্টেশন প্ল্যাটফর্মে আসা মাত্রই কয়েকজন যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়। পরে আরএনবি বাহিনী লাঠির ভয় দেখিয়ে তাঁদের ছাদ থেকে নামায়। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করতে দেখা যায়।

বগুড়া যাবেন দিনমজুর মো. রহিম ও তাঁর পাঁচ সঙ্গী। তিনি বলেন, দাঁড়িয়ে যাওয়ার টিকিট (স্ট্যান্ডিং) কেনারও সামর্থ্য নেই। তবে তাঁরা বাড়ি যেতে চান। অভিযোগ করে বলেন, ‘প্রতিবারই তো হামরা যাই। ঠেকালু ক্যা? লাঠি দিয়ে কী ঠেকাবার পারে? এয়ারপোর্ট যায়া উঠুম। কে ঠেকাবু তখন?' পরে এই দলটিকে সড়কপথে রওনা দিতে দেখা যায়।

নীলসাগর এক্সপ্রেস ১ ঘণ্টা দেরি করে ছাড়ে। এ সময় যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। ছবি: আহমেদ দীপ্ত
নীলসাগর এক্সপ্রেস ১ ঘণ্টা দেরি করে ছাড়ে। এ সময় যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। ছবি: আহমেদ দীপ্ত

লাঠি ব্যবহার প্রসঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. মোতালেব হোসেন প্রথম আলোকে বলেন, ‘কী আর করব ভাই। সবাইতো বাড়ি যাইতে চায়। কিন্তু আমাদের তো নির্দেশ আছে।’

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ২৩টি ট্রেন স্টেশন ছেড়ে গিয়েছে। সারা দিনে দেশের বিভিন্ন রেলপথে আন্তনগর, লোকাল ও মেইল ট্রেন মিলিয়ে ৬৬ টি ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনে ৭০ থেকে ১ লাখ যাত্রী যাতায়াত করবেন।


দেরিতে ছেড়েছে যেসব ট্রেন

সকাল থেকে কেবল চারটি ট্রেন দেরিতে স্টেশন ছাড়ে। সুন্দরবন এক্সপ্রেস সকাল ছয়টা বিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা স্টেশন ছেড়ে যায় ৬টা ৫১ মিনিটে। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা। তবে সেটি ১ ঘণ্টা দেরি করে ৯টা ৬ মিনিটে স্টেশন ছেড়ে যায়। এ ছাড়া অগ্নিবীণা এক্সপ্রেস ও দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ১০ মিনিট কর দেরি করে।

কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, নীলসাগর ও সুন্দরবন এক্সপ্রেস দুইটি ট্রেন দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে দেরি করে ছেড়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রী উঠতে নামতে কারণেও ট্রেন কিছুটা দেরি হচ্ছে। এখান থেকে কোনো ট্রেন এসে বিলম্ব হয় না। আমরা চেষ্টা করি দ্রুত যেন স্টেশন ছেড়ে যায় ট্রেন। কেউ চায় না গাড়ি দেরি করুক।

ট্রেনের ছাদে বা বাম্পারে কাউকে ভ্রমণ না করার অনুরোধ জানান স্টেশন ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী। তিনি বলেন, ‘সবারই দায়িত্ব থাকা উচিত। জীবনের ঝুঁকি এটা বোঝা উচিত। আমাদের তো অত্যাচার করা সম্ভব না।’

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আগামীকাল বুধবার থেকে পাঁচটি পথে নয় জোড়া বিশেষ ট্রেন চলবে। তাই ভিড় বাড়বে।