ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌনে তিন কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষ হতে না হতে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার ৬৫ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্ত-খানাখন্দ তৈরি হয়েছে। অন্যদিকে খানাখন্দ আর গর্তে বগুড়া-নাটোর মহাসড়কের ৩২ কিলোমিটার অংশে যান চলাচলই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় আনন্দের ঈদ উৎসবে ঘরমুখী মানুষের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, টানা বৃষ্টির কারণে ঢাকা-রংপুর মহাসড়কের কিছু অংশের কার্পেটিং উঠে গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছিল। ইতিমধ্যেই এসব গর্ত ভরাট করে জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে। অন্যদিকে বগুড়া-নাটোর মহাসড়কের খারাপ অংশের গর্তে ইট-পাথর ফেলে মেরামতকাজ রোববার থেকে শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, ঈদে মহাসড়কে যানবাহনের চাপ থাকবে। এ জন্য মহাসড়কের কোনো অংশ খারাপ হলে তাৎক্ষণিকভাবে মেরামতের প্রস্তুতি থাকবে সওজের।
সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, গত অর্থবছরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার ৬৫ কিলোমিটার অংশের মধ্যে পাঁচ কিলোমিটার অংশ সংস্কার করা হয়। এতে ব্যয় হয় দুই কোটি ৯০ লাখ টাকা। পরিবহন চালক ও শ্রমিকেরা জানান, সংস্কারকাজ শেষ হওয়ার আগেই মহাসড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে যায়। এতে আবার খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়।
মহাসড়ক ঘুরে দেখা গেছে, ফটকি সেতু থেকে শুরু করে নয়মাইল পর্যন্ত আট থেকে ১০টি স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে তিন থেকে চার দিন আগে ইট-বালু ফেলা হলেও তা কোনো কাজে আসেনি। একই চিত্র মাটিডালি থেকে মোকামতলা পর্যন্ত।
শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরের ট্রাকচালক আবদুল হামিদ বলেন, মাস খানেক আগে একেবারে দায়সারাভাবে ওই সংস্কারকাজ করা হয়। মহাসড়কের যেসব অংশ সংস্কারকাজ করা হয়েছিল, তা শেষ হতে না হতেই ওই একই অংশের আবারও কার্পেটিং উঠে যায়। জোড়াতালি দিয়ে যেনতেনভাবে কাজ করার কারণেই এমনটা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শ্যামলী পরিবহনের চালক আব্বাস উদ্দিন বলেন, ‘প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই মহাসড়কে। এভাবে জোড়াতালির মেরামতে কি সড়ক টিকে? ঈদের আগে যাত্রীদের কপালে দুর্ভোগই আছে।’
সওজ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের বগুড়া অংশের ৬৫ কিলোমিটার সড়কের দেখভাল করা হয় সওজ বগুড়া থেকে। এই ৬৫ কিলোমিটার অংশ প্রায়ই মেরামত করা হলেও তা কোনো কাজে আসে না।
সরেজমিনে দেখা গেছে, নাটোর-বগুড়া মহাসড়কের শাকপালা থেকে নন্দীগ্রাম উপজেলার শেষ সীমা পর্যন্ত অনেক স্থানে খানাখন্দের কাদাজলে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এর মধ্যে বাঁশবাড়িয়া, টেংরামাগুর, সাগরিকা ফিলিংস্টেশনের সামনে, জমাদারপুকুর ও কালিকাপুর অংশের একেবারেই বেহাল। বেহাল দশার কারণে সম্প্রতি উপজেলার দামগাড়া এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে গাবতলীর রামেস্বরপুরের আবদুস সামাদ প্রাণ হারান। এ ছাড়া দাঁত মানিকায় দুর্ঘটনায় চাকলমা গ্রামের ভটভটিচালক ইসমাঈল হোসেন নিহত হন।
নন্দীগ্রাম সদরের হাবিব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কটি বেহাল থাকলেও কারও কোনো নজর নেই। অথচ নানা কাজে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে হচ্ছে। বাসচালক আলিম মোল্লা বলেন, একটু বৃষ্টি হলে মহাসড়কে খুব ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। ঈদের আগে মহাসড়ক সংস্কার না হলে বাস চালানো কঠিন হবে।
নিরাপদ সড়ক চাই-এর নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি বদরুদ্দোজা তৌফিক বলেন, ঈদের আগে এই মহাসড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে আনন্দের ঈদের যাত্রাটাই মাটি হবে।
বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, আপাতত ইট-পাথর ফেলে গর্ত ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে চলতি অর্থবছরে মহাসড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।