ঈদযাত্রায় সঙ্গী জট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় রেলস্টেশনে। গতকাল বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা ছবি প্রথম আলো
ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় রেলস্টেশনে। গতকাল বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা ছবি প্রথম আলো

রাজধানী ঢাকা এখন ফাঁকা। গতকাল সোমবার যানবাহনের সব চাপ আর ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ ছিল পথে পথে। যানজটের কারণে বিলম্বে বাস পৌঁছানোয় আন্তজেলা বাস টার্মিনাল ও পরিবহন কোম্পানির কাউন্টারের সামনে অপেক্ষমাণ মানুষের ভিড় ছিল গভীর রাত পর্যন্ত।

বিলম্বে যাত্রা এবং পথে দেরির কারণে ট্রেনের যাত্রীদেরও দুর্ভোগ চরমে পৌঁছায়। ট্রেনগুলোর ছাদসহ সর্বত্র ছিল যাত্রীতে পূর্ণ। জটের বিড়ম্বনা না থাকলেও যাত্রীর চাপ ছিল দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোতে। জট, ভিড়, ভোগান্তি সঙ্গী করেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গেছেন মানুষ।

বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩২টি ট্রেন ঢাকা ছেড়েছে। এর মধ্যে নয়টি ট্রেন গড়ে এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। বাকি ট্রেনগুলো সময়মতো (৩০ মিনিট দেরিতে ছাড়লেও সময়মতো ধরা হয়) গেছে। তবে সময়মতো ও দেরিতে ছেড়ে যাওয়া সব ট্রেনই পথে পথে সময়ক্ষেপণের কারণে গন্তব্যে পৌঁছায় দুই থেকে চার ঘণ্টা দেরিতে।

মহাসড়কে যানবাহন বিকল, সড়ক ঘেঁষে কোরবানির পশুর হাট বসানো, ভাঙা সড়ক ও পোশাকশ্রমিকদের চাপ—এই চার কারণে উত্তরবঙ্গ ও ঢাকা-চট্টগ্রাম পথের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। ঢাকা-উত্তরবঙ্গের পথে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৫০ কিলোমিটার যানজট হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে গাড়ি বিকল হওয়ায় দিনভর যানজট হয় ওই পথে। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বেহাল সড়ক এবং যানবাহনের চাপে যানজটে পড়তে হয় ঢাকা-ময়মনসিংহ পথের যাত্রীদের। পথে যানজটে আটকে থাকা বাস সময়মতো ঢাকায় না আসায় টার্মিনাল ও কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন ঘরমুখী অসংখ্য মানুষ।

ট্রেন: দিনাজপুরগামী দ্রুতযান সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা। কিন্তু সন্ধ্যা সাতটার সময় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বগুড়ার সান্তাহারে পৌঁছায়। এই ট্রেনের অগ্রিম টিকিট কেটে রাখা ব্যাংক কর্মকর্তা রাফসান জাকের সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে বলেন, শত শত যাত্রী স্টেশনে অপেক্ষা করছে। তিনিও স্ত্রী-সন্তান নিয়ে বসে আছেন।

রেলের এক কর্মকর্তা বলেন, বিকেল পাঁচটা ২০ মিনিটে ঢাকা-পার্বতীপুর পথের বিশেষ ট্রেন ছাড়ার কথা ছিল। এটা রেখে দেওয়া হয়েছে। দ্রুতযানের কিছু যাত্রী যাতে ওই ট্রেনে দাঁড়িয়ে কোনোরকমে যেতে পারেন, সে জন্য এটি রাত নয়টার দিকে ছাড়া হবে।

অত্যধিক যাত্রীর চাপে রংপুর এক্সপ্রেস ট্রেনের চাকা টাঙ্গাইলে বসে যায়। পরে যাত্রী নামিয়ে নতুন বগি জোড়া দিয়ে ট্রেনটি চালানো হয়। মহানগর প্রভাতী চট্টগ্রাম থেকে ছাড়ে কানায় কানায় ভরা যাত্রী নিয়ে। পথে চট্টগ্রামের পাহাড়তলী, কুমিল্লার লাকসাম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ কয়েকটি স্থানে ভ্যাকুয়াম ছেড়ে (হাওয়া ছেড়ে দিয়ে ট্রেন চলাচল বন্ধ করা) ট্রেন থামিয়ে দেন যাত্রীরা। এতে ট্রেনটি ঢাকায় পৌঁছায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর। ট্রেনটি ঢাকা ছেড়ে যায় এক ঘণ্টা ৪০ মিনিট দেরিতে।

বিকেল সাড়ে তিনটার দিকে কমলাপুর স্টেশনে কথা হয় চট্টগ্রামের যাত্রী রাহাদ ফেরদৌস, ব্রাহ্মণবাড়িয়ার সুলাইমান আলম, আখাউড়ার সাবিনা আখতারের সঙ্গে। তাঁরা জানান, সময়মতো ট্রেন আসবে ধরে নিয়ে বাসা থেকে তাঁরা স্টেশনে এসেছিলেন।

লালমনি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছাড়ে সাত ঘণ্টা দেরিতে। ঢাকায় পৌঁছার কথা রাত সোয়া ১০টায়। ফিরতি যাত্রার কথা থাকলেও রাত আটটা পর্যন্ত ট্রেনটি বগুড়াই পার হতে পারেনি।

রাজশাহীর ধুমকেতু, খুলনার সুন্দরবন, চট্টগ্রামের মহানগর প্রভাতী, নীলফামারীর নীলসাগর, জামালপুরের অগ্নিবীণা, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, চট্টগ্রামের চট্টলা, চাঁপাইনবাবগঞ্জ মেইল—এই ট্রেনগুলো ৩৫ মিনিট থেকে সোয়া দুই ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

রেলের মহাপরিচালক আবু তাহের প্রথম আলোকে বলেন, যাত্রীদের নিরাপদে নামার জন্য সব স্টেশনেই বাড়তি সময় বরাদ্দ করা হচ্ছে। এ জন্য পুরোপুরি সময় মেনে সব ট্রেন চলতে পারে না। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের গতিও কমানো হয়েছে।

পথে পথে যানজট: গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল দিনভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর, সূত্রাপুর, সফিপুর ও কোনাবাড়ী এলাকায় প্রায় ৫০ কিলোমিটার এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট ছিল।

চন্দ্রায় এসপি পরিবহনের কর্মী সাইফুল ইসলাম বলেন, ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা যেতে এক ঘণ্টার বেশি লাগার কথা নয়। কিন্তু গতকাল প্রায় তিন ঘণ্টা লেগেছে।

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর অল্প সময়ের ব্যবধানে একটি প্রাইভেট কার ও কাভার্ডভ্যান বিকল হলে উভয় দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রেকার এনে বিকল গাড়ি দুটি সরানোর পরও এর প্রভাব ছিল দিনভর।

বাসের অপেক্ষা, বাড়তি ভাড়া: গাবতলী টার্মিনাল, কল্যাণপুর, টেকনিক্যাল ও শ্যামলীতে শত শত মানুষকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। দুপুরে গাবতলীতে হানিফ পরিবহনের নিজস্ব টার্মিনালে আবদুল মোতালেব বলেন, স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জ থেকে সকাল সাতটায় রওনা দেন। রংপুরের বাস বেলা ১১টায় ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টায় সেই বাস আসেইনি। তাঁর তিন টিকিটের জন্য ১৮০ টাকা বাড়তি গুনতে হয়েছে।

আয়শা সিদ্দিকা ও জেরিন আক্তার কেরানীগঞ্জ থেকে সকাল নয়টায় রওনা দিয়ে ১১টায় গাবতলীতে পৌঁছান। তাঁদের বাস ছাড়ার কথা বেলা একটায়। কিন্তু সাড়ে ১২টায়ও বাস আসেনি। বাস কোথায় আটকে আছে, তা-ও বলছে না কাউন্টার থেকে।

হানিফ পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘টাঙ্গাইল ও মির্জাপুরে যানজটে পড়েছে বাস। আধঘণ্টাও দেরি হতে পারে। আবার দুই ঘণ্টাও লাগতে পারে।’

নগর পরিবহন এখন মহাসড়কে: রাজধানীতে চলাচলকারী অনেক বাস এখন দূরপাল্লার যাত্রী বহন করায় গতকাল অনেক সড়ক ছিল ফাঁকা। বেলা ১১টার দিকে দেখা গেছে, যাত্রাবাড়ী-মিরপুর পথে চলাচলকারী ট্রান্স সিলভা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে জামালপুরে যাচ্ছে। যাত্রীরা জানান, তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। বাসের শ্রমিক আতাউর রহমান বলেন, ‘ঢাকায় এখন যাত্রী নাই। দূরের খেপ মারছি।’

গুলিস্তান-ধামরাই পথে চলাচলকারী ডি-লিংক পরিবহনের তিনটি বাস গুলিস্তান থেকে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে যায় সন্ধ্যা ছয়টার দিকে।

লঞ্চ: কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, অত্যধিক যাত্রীর কারণে ভান্ডারিয়া, বরগুনা, আমতলী ও পিরোজপুর পথের লঞ্চের সংকট দেখা গেছে। ফলে শত শত যাত্রীকে মালামাল ও পরিবার-পরিজন নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৭৮টি লঞ্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এসব লঞ্চের ছাদেও প্রচুর যাত্রী দেখা গেছে।

পটুয়াখালীগামী কুয়াকাটা লঞ্চের ডেকে বসে ছিলেন শরিফা বেগম। তিনি জানান, ডেকেই ২৮০ টাকা হাঁকছে কর্তৃপক্ষ। ১৫ দিন আগে ভান্ডারিয়া থেকে এসেছেন ১৭০ টাকায়।

অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সদস্য প্রিন্স আওলাদ হোসেন বলেন, সকালে যেগুলো গেছে, সেগুলো ফিরে এলে নৌযানের সংকট থাকবে না।