ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদের আগে-পরের ১৩ দিনে দেশে সড়ক, রেল ও নৌপথে ২৪০টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়কে প্রাণ ঝরেছে ২৭৪ জনের। গত বছরের চেয়ে এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি দুটিই বেড়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর নাম দেওয়া হয়েছে ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৭’। এর আগেও যাত্রী কল্যাণ সমিতি ঈদে দুর্ঘটনা ও হতাহতের পরিসংখ্যান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এবার ঈদের আগে-পরের ১৩ দিনে সংঘটিত দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি। এই প্রতিবেদন বলছে, শুধু সড়কপথে এ সময় দুর্ঘটনা ঘটেছে ২০৫টি। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে ২৭৪ জনের। আহত হয়েছেন আরও ৮৪৮ জন। নৌপথে একটি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আর রেলপথে ট্রেনে কাটা পড়ে ৩৪ জন মারা গেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ সেল গত ১৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ২২টি জাতীয় ও ছয়টি আঞ্চলিক দৈনিক এবং ১০টি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর থেকে তথ্য সংগ্রহ করে। এর ওপর ভিত্তি করে দুর্ঘটনা ও হতাহতের পরিসংখ্যানসংবলিত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত। এই চার দিনেই ৬০টি সড়ক দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১২৮ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২৬ জুন ছিল ঈদুল ফিতর। ফলে সরকারি ছুটি ছিল ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত। প্রতিবেদনে এবারের সঙ্গে আগেরবার ঈদে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা এবং প্রাণহানির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, গত বছর ঈদযাত্রায় তিন পথে ১২৭টি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ যায় ২০০ জনের। অর্থাৎ এবার দুর্ঘটনা বেড়েছে ১১৩টি। আর প্রাণহানি বেড়েছে ১১১ জনের।

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে শুধু ১২১টি সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন নিহত হয়েছিলেন। আর এ বছর ২০৫টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের প্রাণহানি হয়েছে। ২০১৬ সালে ট্রেনে কাটা পড়ে মারা যান ৩ জন। আর এবার কাটা পড়ে প্রাণ যায় ৩৪ জনের। তবে নৌপথে আগেরবার ১১ জন মারা গেলেও এবার তা কমেছে, মারা গেছেন ৩ জন।

প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়েছে, এবার ৩৮ শতাংশ বাসে, ৩৪ শতাংশ ট্রাক ও পিকআপে, ২৪ শতাংশ নছিমন-করিমন-ভটভটি-ইজিবাইক ও মোটরসাইকেলে এবং ৪ শতাংশ অন্যান্য যানবাহনে সড়ক দুর্ঘটনা ঘটে। যারা দুর্ঘটনার শিকার হয়েছে, তাদের ৩৬ শতাংশ পথচারী। মুখোমুখি সংঘর্ষের কারণে ৩৮ শতাংশ এবং বেপরোয়া গতিতে অন্য যানকে পাল্লা দিয়ে চলার কারণে ১৩ শতাংশ দুর্ঘটনা ঘটে। বাকি ১৩ শতাংশ অন্যান্য কারণে।

প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে মোটাদাগে ১০টি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে—অদক্ষ চালক দিয়ে যানবাহন চালানো, ফিটনেসবিহীন যান, অতিরিক্ত গতি ও পণ্যবাহী যানে যাত্রী পরিবহন।

দুর্ঘটনা হ্রাসে যে ১২টি সুপারিশ করা হয়েছে, এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা গবেষণা ইউনিট গঠন, যানবাহনের ফিটনেস পদ্ধতি আধুনিক করা, মহাসড়কে ছোট যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদন উপস্থাপনের সময় বলেন, এবারের ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক ছিল। তবে সড়কে প্রাণহানি বেড়েছে। চার বছর ধরে দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রকাশ করা হচ্ছে বলে তিনি জানান।