ঈদযাত্রায়ও ট্রেন ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার বেলা আড়াইটা! সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো পারাবত। তবে ঢাকাগামী এই ট্রেনটিতে উঠতে যাত্রীদের কোনো তাড়াহুড়া ছিল না। ভেতরের অনেক আসন তখনো ছিল ফাঁকা। বেলা ৩টার দিকে যখন ৬৯০ আসনবিশিষ্ট ট্রেনটি স্টেশন ছেড়ে যায়, তখনো শতাধিকের বেশি আসন ছিল ফাঁকা। অথচ ঈদের আগে স্বাভাবিকভাবেই ভিড় হওয়ার কথা ছিল। অন্যান্য বছর ট্রেনের ভেতরে ও বাইরে তিল ধারণের ঠাঁই থাকত না। কিন্তু এবার সিলেট রেলওয়ে স্টেশনে ছিল এর বিপরীত চিত্র।

ঢাকাগামী যাত্রী পারভেজ হোসেন বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে তিনি সিলেটে সপরিবার বসবাস করছেন। গ্রামের বাড়িতে ঈদের সময়টুকু কাটানোর জন্য তিনি পরিবারের ছয় সদস্য নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তবে অন্যান্য বছরের মতো তাঁকে এবার রেলের টিকিট কাটতে খুব একটা বেগ পেতে হয়নি। এবার খুব সহজেই তিনি টিকিট পাওয়ায় নির্বিঘ্নে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা করতে পারছেন।

সিলেট রেলওয়ে স্টেশনমাস্টার কাজী শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, অন্য বছর ঠাসাঠাসি করে ঘরমুখী মানুষ ট্রেনে করে সিলেট ছাড়লেও এবার ছিল উল্টো চিত্র। বিভিন্ন গণমাধ্যমে ঢাকার কমলাপুরের রেলস্টেশনের যাত্রীদের আগাম টিকিট কাটতে যাওয়ার ভিড়বাট্টার ছবি প্রচার করায় মানুষজন দুর্ভোগের ভয়ে সিলেট রেলওয়ে স্টেশনমুখী হয়নি। তবে ঈদের ছুটির পরের কয়েক দিনের টিকিট এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। তাই ঈদ শেষে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম ফেরার সময় যাত্রীদের ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের দিকে ছয়টি ট্রেন ছেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কালনী, জয়ন্তিকা, পারাবত, উপবন, পাহাড়িকা ও উদয়ন। এসব ট্রেন নিয়মিতভাবে প্রায় ২ হাজার ৪০০ যাত্রী পরিবহন করে। তবে ঈদের আগে প্রায় সাড়ে ৬০০ বাড়িয়ে আসনসংখ্যা ৩ হাজার ৪৩টি করা হয়েছে। দুই দিন ধরে বাড়তি আসনসহ ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে রওনা হলেও অন্তত ১০ শতাংশ আসনই ফাঁকা ছিল বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

গতকাল সকাল ও বিকেলে দুই দফা সরেজমিনে দেখা গেছে, অন্যান্যবারের মতো যাত্রীদের ভিড় খুব একটা নেই। টিকিট কাউন্টারের সামনেও ভিড় নেই, সেখানে ১০ থেকে ১৫ জন দাঁড়িয়ে সার বেঁধে টিকিট কাটছেন। আগের বছরগুলোয় টিকিট না পেয়ে এবার যাত্রীদের ভিড়, হই-হুল্লোড় নেই।

বিকেলে কথা হয় টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মাজহারুল ইসলাম নামের চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, আগামী ১ জুলাই উপবন ট্রেনের টিকিট প্রয়োজন ছিল। কিন্তু রেলস্টেশন কর্তৃপক্ষ ওই দিনের টিকিট নেই বলে জানিয়েছে। এ প্রসঙ্গে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, সিলেট থেকে ঈদের আগে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। তবে ঈদের ছুটির পর ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের ভিড় সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

রেলস্টেশনের কয়েক শ গজ দূরে কদমতলী বাস টার্মিনাল এলাকার চিত্র একবারেই ভিন্ন। সেখানে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ টার্মিনাল হয়েই মানুষজন বাড়িতে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকাল ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ৪২৬ আসনবিশিষ্ট কালনী ট্রেনে ২৫টি, সকাল ৮টা ৪০ মিনিটে ৫২৩ আসনবিশিষ্ট জয়ন্তিকা ট্রেনে ২০টি এবং বেলা ৩টায় ৬৯০ আসনবিশিষ্ট পারাবত ট্রেনে ১০৮টি আসন খালি ছিল। এ ছাড়া সকাল সোয়া ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ৫২৩ আসনবিশিষ্ট পাহাড়িকা ট্রেনে ৩৪টি আসন খালি ছিল।