ঈদুল আজহা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বেশি ভিড় দেখা যায় জিরাফকে ঘিরে। গত বুধবার তোলা ছবি l সাইফুল ইসলাম
এবার ঈদে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বেশি ভিড় দেখা যায় জিরাফকে ঘিরে। গত বুধবার তোলা ছবি l সাইফুল ইসলাম

সারা দেশে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। ছয় দিনের ঈদের ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার সরকারি অফিস-আদালত খুললেও সর্বত্র এখনো ছুটির আমেজই রয়ে গেছে।
গত মঙ্গলবার সারা দেশে ঈদুল আজহা উদ্যাপিত হয়। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে দিন শুরু হয়। তবে এবার ঈদের দিন ঢাকাসহ দেশের অনেক এলাকায় বৃষ্টি হওয়ায় অনেকেই দুর্ভোগে পড়েন। রাজধানীতে জাতীয় ঈদগায় সকাল আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি সারা দেশে ঈদগাহ ও মসজিদে এক বা একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোরবানির জন্য গত বছরের মতো এবারও জায়গা নির্ধারণ করে দেয় উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। তবে অনেকেই নির্ধারিত সেই জায়গার বাইরেও কোরবানি করেছেন।

ঈদুল আজহার নামাজের পরে কোলাকুলি করছে দুই শিশু l ছবি: ফোকাস বাংলা
ঈদুল আজহার নামাজের পরে কোলাকুলি করছে দুই শিশু l ছবি: ফোকাস বাংলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদের দিন মঙ্গলবার সকালে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সর্বস্তরের মানুষ, দলীয় নেতা-কর্মী, বিচারপতিগণ ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন সরকারি ছুটি ছিল। ঈদের ছুটি শেষে গতকাল থেকে খুলছে অফিস-আদালত। অনেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন। তবে আজ শুক্রবার ও কাল শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে এখনো ছুটির আমেজ রয়ে গেছে।