ঈদুল ফিতরের আগে ঢাকার দুই সিটির নির্বাচন হচ্ছেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে না। তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত পর্যাপ্ত সময় না থাকায় এবং নতুন ঘোষিত ৫৭ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা বিন্যস্ত না থাকায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ঈদুল ফিতরের পর আগস্টে তফসিল ঘোষণা করে সেপ্টেম্বরে এই নির্বাচন করার পরিকল্পনা কমিশনের আছে।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রমজানের আগে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করার মতো সময় হাতে নেই।

রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে বেলা ১১টা থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে এ বৈঠক হয়।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল তফসিল ঘোষণা করে ৭ জুলাই ভোটের দিন নির্ধারণ করলে মাঝে ৩২ দিন সময় থাকে, যা প্রার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। এ ছাড়া সুলতানগঞ্জের ১৩টি এলাকা নিয়ে ৫৭ নম্বর ওয়ার্ড ঘোষণা করা হলেও এই ওয়ার্ডের এলাকাভিত্তিক ভোটার তালিকা গতকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। এ দুটি বিষয় বিবেচনায় নিয়ে কমিশন ঢাকার দুই সিটি করপোরেশনে আপাতত নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়।

সূত্র আরও জানায়, বৈঠকে কমিশন সচিবালয় থেকে এ সময়ের মধ্যে নির্বাচন না করার পক্ষে মত দেওয়া হয়।

২২ মে এই দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল। ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই নির্বাচনের তাগিদ দিয়ে কমিশনকে চিঠি দেওয়া হয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার পর এর সীমানা বিন্যাস করে ওয়ার্ড নম্বর না দেওয়ায় কমিশন নির্বাচন করতে অস্বীকৃতি জানায়। পরে ৩০ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা বিন্যাস করে গেজেট প্রকাশ করে। কিন্তু ৩ জুন কমিশন মন্ত্রণালয়কে জানায়, মন্ত্রণালয় ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা বিন্যাস করলেও ওয়ার্ডটিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের তফসিলে অন্তর্ভুক্ত করেনি। এ কারণে একই দিন মন্ত্রণালয় তড়িঘড়ি করে ৫৭ নম্বর ওয়ার্ডকে তফসিলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। ওই দিন কমিশন জানায়, মন্ত্রণালয় দিনে দিনে ৫৭ নম্বর ওয়ার্ডকে তফসিলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করলে পরদিন (মঙ্গলবার) কমিশন তফসিল ঘোষণা করবে।

গতকাল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘রমজানের আগে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন করতে পারলে ভালো হতো। কিন্তু এত বড় সিটিতে ৪০-৪৫ দিন হাতে সময় নিয়ে তফসিল ঘোষণা করতে পারলে ভালো। কিন্তু এখন হাতে সে সময় নেই। তবে রোজার ঈদ আর কোরবানির ঈদের মাঝখানে নির্বাচন করার ইচ্ছে আছে।’

সংবিধান অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ২৫ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।