ঈদে অতিরিক্ত ভাড়ার ফাঁদে নৌযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বাড়ি ফেরা লাখো যাত্রী অতিরিক্ত ভাড়ার ফাঁদে পড়েছেন এবারও। বরিশাল-ঢাকাসহ দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী পরিবহনকারী লঞ্চগুলোতে ঈদের আগে ও পরের ১৫ দিন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। একই সঙ্গে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।

লঞ্চমালিকদের সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের এসব পথে ঈদের বিশেষ সার্ভিস শুরু হয়েছে।

যাত্রীদের অভিযোগ, বিশেষ সার্ভিস শুরু হওয়ার আগেই বিভিন্ন পথে চলাচলকারী বেশির ভাগ লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে চলাচলকারী লঞ্চগুলোতে প্রকারভেদে ন্যূনতম ৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এতে দক্ষিণাঞ্চলের বাড়ি ফেরা লাখো যাত্রীকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। একইভাবে কর্মস্থলে ফেরার সময়ও বাড়তি ভাড়া গুনতে হবে তাঁদের।

লঞ্চমালিকদের সূত্র জানায়, সারা বছর ঢাকা-বরিশাল লঞ্চগুলোতে ডেকে ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ৯০০ এবং ডাবল কেবিন ১ হাজার ৮০০ টাকা করে ভাড়া নেওয়া হয়। আর ভিআইপি কেবিনের ভাড়া নেওয়া হয় প্রকারভেদে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা।

কিন্তু ঈদের বিশেষ সার্ভিস শুরু হওয়ার পর ভাড়া বাড়িয়ে ডেকে ২৫০ টাকা, সিঙ্গেল কেবিন (এসি/ননএসি) ১ হাজার ১০০ এবং ডাবল কেবিন ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪ হাজার টাকার ভিআইপি কেবিনের ভাড়া করা হয়েছে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা।

ঢাকা থেকে বরগুনার আমতলী পথে চলাচলকারী লঞ্চগুলোতে আগে ডেকের যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হতো ৩০০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ছিল ১ হাজার টাকা এবং ডাবল কেবিনের জন্য ভাড়া নেওয়া হতো ১ হাজার ৮০০ টাকা। কিন্তু গত মঙ্গলবার থেকে তা বাড়িয়ে ডেকে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা এবং ডাবল কেবিন ২ হাজার ৪০০ টাকা। এ ছাড়া এই পথে চলাচলকারী লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগও রয়েছে। এমভি হাসান হোসেন, এমভি ইয়াদ ও এমভি সুন্দরবন-৫ নামের তিনটি লঞ্চ চলাচল করে এ পথে। এর মধ্যে এমভি ইয়াদের যাত্রী ধারণক্ষমতা ৩৯৬ জন, কিন্তু নেওয়া হচ্ছে ৯০০ থেকে ১ হাজার জন। এমভি হাসান হোসেনের ৩৪২, নেওয়া হচ্ছে ৯০০ থেকে ১ হাজার জন। আর এমভি সুন্দরবন-৫ লঞ্চের যাত্রী ধারণক্ষমতা ৪০০, কিন্তু নেওয়া হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন। এমভি সুন্দরবন-৫ লঞ্চের যাত্রী বশির উদ্দিন বলেন, ডাবল কেবিনে ভাড়া ছিল ২ হাজার টাকা। কিন্তু এখন ভাড়া দিতে হচ্ছে ২ হাজার ৪০০ টাকা।

ঢাকা-পটুয়াখালী পথে চলাচলকারী লঞ্চগুলোতে আগে ডেকের ভাড়া ছিল ৩০০ টাকা করে; এখন নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। সিঙ্গেল কেবিন ৯০০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ১ হাজার ২০০ টাকা। আর ডাবল কেবিনের ভাড়া ২ হাজার টাকার স্থলে নেওয়া হচ্ছে ২ হাজার ৪০০ টাকা। ঝালকাঠি-ঢাকা পথে চলাচলকারী লঞ্চগুলোতেও একইভাবে ভাড়া বাড়ানো হয়েছে। আগের ডেকের ২৫০ টাকা ভাড়া বেড়ে এখন হয়েছে ৩০০ টাকা, ৯০০ টাকার সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ এবং ১ হাজার ৮০০ টাকার ডাবল কেবিন ভাড়া বেড়ে এখন হয়েছে ২ হাজার ২০০ টাকা। ঝালকাঠি-ঢাকা পথে চলাচলকারী সুন্দরবন-৬-এর পরিদর্শক শাখাওয়াত হোসেন বলেন, ‘এটা সরকারের নির্ধারিত ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হয়েছে।’ ঢাকা-বরগুনা ও ঢাকা-আমতলীগামী লঞ্চগুলোতেও একইভাবে ডেকের ভাড়া ১৫০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ২৫০ টাকা। আর সিঙ্গেল ও ডাবল কেবিনের ভাড়া ২০০ থেকে ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

লঞ্চমালিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সুন্দরবন নেভিগেশন কোম্পানির মালিক সাইদুর রহমান বলেন, সারা বছর প্রতিযোগিতামূলক ব্যবসার কারণে লঞ্চমালিকেরা যাত্রীদের কাছ থেকে কম ভাড়ায় যাত্রী পরিবহন করেন। এতে অনেক সময় তাঁদের লোকসান গুনতে হয়। ঈদে তাঁদের লোকসান সমন্বয় করা হয়।