ঈদে অর্থ স্থানান্তরে সাহায্য করবে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস, লঞ্চ ও রেলস্টেশনগুলোয় অজ্ঞান ও মলম পার্টির খপ্পর থেকে বাঁচতে ঈদে ঘরমুখো মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া অর্থ স্থানান্তরে পুলিশের সাহায্য নেওয়ার অনুরোধ করা হয়েছে। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দিয়েছে ডিএমপি।

অর্থ স্থানান্তরের ক্ষেত্রে পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরে কেনাবেচা, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে। কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা দেবে। এ ক্ষেত্রে পুলিশি নিরাপত্তাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগের করতে বলেছে ডিএমপি।

বাস, লঞ্চ ও রেলস্টেশনে যাতায়াতকারী লোকজনকে মলম ও অজ্ঞান পার্টি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিএমপি। মলম পার্টি এড়ানোর জন্য অপরিচিত কারও সঙ্গে ভাগাভাগি করে গাড়ি ভাড়া না করা, সিএনজিচালিত অটোরিকশা অথবা ট্যাক্সিক্যাবে উঠলে গাড়ির নম্বর আগেই মুঠোফোনে প্রিয়জনকে জানানোর কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ ছাড়া অজ্ঞান পার্টির খপ্পর থেকে দূরে থাকতে অপরিচিত কোনো ব্যক্তির কিংবা ফুটপাতের খাদ্যদ্রব্য না খেতে বলেছে ডিএমপি।

জরুরি প্রয়োজনে ডিএমপির নিয়ন্ত্রণকক্ষের ৯৫৫৯৯৩৩/৯৫৫১১৮৮/৯৫১৪৪০০/০১৭১৩-৩৯৮৩১১, ৯৯৯-২২২২ ও ২২২৩ (ডিএমপি) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। চাঁদাবাজি প্রতিরোধে ডিএমপির হটলাইন-০১৭১৩৩৯৮৩২৬-৯, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১ ফোন করতে বলা হয়েছে।