ঈদে আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সময়ে দেশের আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়ায় নিন্দপুর এমকে আলমগীর উচ্চবিদ্যালয় মিলনায়তনে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে ইফতার অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা বিগত বছরগুলোতেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সুশৃঙ্খলভাবে ঈদ উদ্যাপনের জন্য ব্যবস্থা নিয়েছি। সেই ধারাবাহিকতা এ বছরও অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও রাখব।’ জামায়াতে ইসলামী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিমধ্যে মহামান্য উচ্চ আদালতের তরফ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সে সিদ্ধান্ত আমাদের সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সব কর্তৃপক্ষ মেনে চলতে বাধ্য।’