ঈদে আকাশপথে ২০ হাজার যাত্রী ঢাকা ছাড়বে
ঈদের সময় প্রায় ২০ হাজার যাত্রী আকাশপথে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা, নভো এয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ রুটগুলোতে এসব যাত্রী পরিবহন করবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম জানান, সাধারণত প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ঢাকা ছাড়েন দুই হাজার বিমানযাত্রী। ঈদে যাত্রীসংখ্যা অনেক বেশি হয়। এ সময় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হয়।
এবার রোজা ২৯টি হলে ঈদের সম্ভাব্য দিন ২৬ জুন। ৩০টি রোজা হলে পরদিন ২৭ জুন ঈদ হবে। ঈদ যেদিন হোক, ২২ জুন বৃহস্পতিবার হবে শেষ কর্মদিবস। এ হিসাবে ঈদের এখনো ১৯ থেকে ২০ দিন বাকি। বিমান, ইউএস বাংলা, নভো এয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আকাশপথে ২২ থেকে ২৫ জুনের টিকিটের চাহিদা বেশি। গত মে মাসে শবে বরাতের আগেই নিয়মিত ফ্লাইটের টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিটের চাহিদা থাকায় বেশ কিছু রুটে অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বিমান সংস্থাগুলো। তবে এ জন্য প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হবে যাত্রীদের।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে চলাচল করে বিমান ও ইউএস বাংলা। ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে যাতায়াত করে রিজেন্ট এয়ারওয়েজ। নভো এয়ার ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার ও সিলেটে ফ্লাইট পরিচালনা করে থাকে।
বাংলাদেশ বিমান এবার ২২ থেকে ২৫ জুন পর্যন্ত ঢাকা থেকে ছয়টি রুটে অতিরিক্তসহ মোট ২৫টি ফ্লাইট পরিচালনা করবে। বিমানের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটে আসনসংখ্যা ২ হাজার ১০০। ঈদের জন্য ঢাকা থেকে যশোরে ২২ ও ২৪ জুন দুটি এবং ঢাকা থেকে সৈয়দপুরে ২৩ জুন একটি অতিরিক্ত ফ্লাইট চলবে। অন্যান্য গন্তব্যে নিয়মিত ফ্লাইটই থাকছে।
অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের ২২ থেকে ২৫ জুনের নিয়মিত ফ্লাইটগুলোর টিকিট তিন মাস আগে বিক্রি হয়ে গেছে। নভো এয়ার ২২ থেকে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন যশোর ও সৈয়দপুর রুটে একটি অতিরিক্ত ফ্লাইটসহ মোট তিনটি ফ্লাইট রেখেছে। নভো এয়ারের ব্যবস্থাপক (মার্কেটিং) এ কে এম মাহফুজুল আলম প্রথম আলোকে বলেন, তাঁদের ঈদের টিকিটগুলো তিন সপ্তাহ আগে বিক্রি হয়ে গেছে। একইভাবে রিজেন্ট ও ইউএস বাংলার টিকিট বিক্রি হয়েছে। রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আখতার ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঈদ উপলক্ষে সব টিকিট বিক্রি হয়ে গেছে। চট্টগ্রাম ও কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইট থাকছে না। তবে এ সময় এই রুটগুলোতে আমাদের বড় এয়ারক্রাফট চলবে।’
ইউএস বাংলার উপমহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) কামরুল ইসলাম জানান, ২২ থেকে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন যশোর রুটে তাঁদের নিয়মিত দুটি ফ্লাইট ছাড়াও অতিরিক্ত দুটি ফ্লাইট চলবে। এ সময় সৈয়দপুরে অতিরিক্ত একটি ফ্লাইট থাকছে। রাজশাহী ও বরিশালে দুটি করে অতিরিক্ত ফ্লাইট দেওয়া হবে ঈদের আগের চার দিন। এ ছাড়া ঈদের পরে কক্সবাজার রুটে প্রতিদিন অতিরিক্ত তিন থেকে চারটি ফ্লাইট থাকছে।
অতিরিক্ত ফ্লাইটের ভাড়া দ্বিগুণ
ঢাকা-যশোর ও ঢাকা-সৈয়দপুর রুটে বর্তমানে বাংলাদেশ বিমানের ভাড়া যাত্রীপ্রতি ২ হাজার ৭০০ টাকা থেকে শুরু হয়। কিন্তু ঈদে অতিরিক্ত ফ্লাইটে প্রতিটি টিকিটের জন্য একজন যাত্রীকে গুনতে হবে ৭ হাজার টাকা। সৈয়দপুর রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২০০ টাকা। একইভাবে অন্যান্য বিমান সংস্থার ভাড়াও দ্বিগুণ হয়ে গেছে।
যাত্রীর চাহিদা ও ফিরতি পথে যাত্রী কম থাকা ভাড়া বৃদ্ধির কারণ—এ কথা জানিয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে যাত্রী পূর্ণ থাকলেও ফিরতি পথে উড়োজাহাজগুলোতে আসন ফাঁকাই থাকে। আসলে মুনাফা বলতে তেমন কিছুই হয় না।
একই কথা জানিয়ে ইউএস বাংলার উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, চাহিদা বেশি থাকায় কম মূল্যে বা লো অফারে কখনোই টিকিট মিলবে না। হিসাবের সময় ফিরতি ফ্লাইটের হিসাবটাও করতে হয়।