ঈদে আরও পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে
এবারের ঈদে রেলের নিয়মিত সূচির ট্রেনের বাইরে আরও পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে। ঈদের তিন দিন আগে থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে ট্রেনগুলো যাত্রী পরিবহন শুরু করবে। এ ছাড়া বিভিন্ন আন্তনগর ট্রেনে আরও ৬৬টি কোচ সংযোজন করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে ১১ অক্টোবর থেকে ঈদের যাত্রী পরিবহন শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ওই দিনের টিকিট ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ২ অক্টোবর। আজ রোববার ১৫ অক্টোবরের যাত্রার জন্য টিকিট বিক্রি হবে। আজই শেষ হচ্ছে এবারের ঈদের ট্রেনের টিকিট বিক্রি।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঈদের তিন দিন আগে থেকে প্রতিদিন চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দুই জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে এক জোড়া, ঢাকা-পার্বতীপুরে এক জোড়া এবং ঢাকা-খুলনা রেলপথে এক জোড়া বিশেষ ট্রেন যাত্রী পরিবহন শুরু করবে।’
মো. তাফাজ্জল হোসেন আরও বলেন, ‘এবার বিভিন্ন আন্তনগর এবং মেইল ট্রেনে আরও ৬৬টি অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা প্রতিবছরই অতিরিক্ত কোচ সংযোজন করি। এ ছাড়া ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় মুসল্লিদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য করতে ভৈরব থেকে এক জোড়া এবং ময়মনসিংহ থেকে আরেক জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি।’
চট্টগ্রাম স্টেশনে সরেজমিনে দেখা গেছে, গতকাল বিক্রি হয়েছে ১৪ অক্টোবরের টিকিট। টিকিটের জন্য স্টেশনে ভিড় ছিল। বেশির ভাগ যাত্রী টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।
রেলকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী স্টেশনগুলোর টিকিটের চাহিদা বেশি। চাহিদা অনুযায়ী সবাইকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব ও নরসিংদীর বিপুল বাসিন্দা কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থান করছেন। ঈদের সময় তাঁদের অনেকেই ট্রেন ভ্রমণকে নিরাপদ মনে করেন। তাই স্টেশনে টিকিটের জন্য অপেক্ষা করেন। ঈদে চট্টগ্রামে অবস্থানরত বরিশালসহ উপকূল অঞ্চলের যাত্রীরা চাঁদপুর থেকে নৌপথে গন্তব্যে যান। তাই চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ট্রেনে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এ কারণে এবারও নিয়মিত ট্রেনের পাশাপাশি আরও দুই জোড়া বিশেষ ট্রেন দিয়ে চট্টগ্রাম থেকে যাত্রী পরিবহন করা হবে। চাঁদপুরের পর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর টিকিটের চাহিদা বেশি বলে রেলকর্মীরা জানিয়েছেন। চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কুমিল্লার তরুণ আবু হাসান গতকাল সকালে তিনটি আন্তনগর গোধূলীর টিকিটের জন্য চট্টগ্রাম স্টেশনের কাউন্টারের সামনে এসে অপেক্ষা করছিলেন। টিকিট না পেয়ে তিনি হতাশ হন।