ঈদে এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি, দিশেহারা গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সরকারিভাবে সরবরাহ অপ্রতুল হওয়ায় সিলিন্ডার গ্যাসের (এলপি) দাম প্রতিনিয়ত বাড়ছে। শুধু গ্যাস কিনতে দিশেহারা হচ্ছেন সাধারণ গ্রাহকেরা।গৃহিণী শারমিন আক্তার বলেন, ‘যেভাবে দাম বাড়ছে, তাতে গ্যাস ব্যবহার বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সরকারি গ্যাস কোনো দিনই পাইনি। আমাদের বেশি দাম দিয়েই যমুনা ও বেসরকারি গ্যাস কিনতে হয়।’ মাকসুদা বেগম বলেন, গ্যাস ব্যবহার বন্ধও করতে পারছি না। ভাড়া বাড়িতে কাঠ জ্বালাতেও পারছি না। মাসে তিন হাজার টাকা শুধু গ্যাসের জন্য খরচ করতে হচ্ছে। জানা যায়, বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানির প্রতিটি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা। কিন্তু বাজারে এ গ্যাস বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৪৮০ টাকায়। এ ছাড়া বসুন্ধরা গ্যাস বিক্রি হচ্ছে ১৪০০-১৫০০ টাকা, টোটাল ১৪৫০ এবং ক্লিনহিট ১৪৮০ টাকা।গ্যাস ব্যবহারকারী ও বিক্রেতারা জানান, গত ১৫ দিনে সিলিন্ডারপ্রতি ১০০ টাকা দাম বাড়ানো হয়েছে। গ্যাস বিক্রেতা পঙ্কজ গুপ্ত বলেন, ঈদের কারণে নয়, গ্যাসের সংকটের কারণে মালিকেরা সিলিন্ডারপ্রতি ৮০ টাকা বাড়িয়েছেন। গ্রাহক শিলা রহমান জানান, ১৫ দিন আগে যে গ্যাস ১৪০০ টাকায় কিনেছি, গতকাল তা কিনতে হয়েছে ১৫০০ টাকায়। নগরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিন দিন গ্যাসের দাম বেড়েই যাচ্ছে। গত এক মাসের মধ্যে কয়েক দফা গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কম আয়ের চাকরিজীবীদের সমস্যা সবচেয়ে বেশি। আবুল বাসার বলেন, ‘আমি এক হাজার ৫০০ টাকায় একটি সিলিন্ডার কিনেছি।’কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, ‘আমি পাঁচ দিন আগে সরকারি একটি সিলিন্ডার কিনেছি ১৪৫০ টাকায়। অথচ সরকারি রেট ৭০০ টাকা। কোনো ভোক্তাই সরকারি রেটে গ্যাস কিনতে পারছেন না। এসব সুযোগ নিচ্ছে বেসরকারি কোম্পানিগুলো। চৌমাথা এলাকার তাকওয়া এন্টারপ্রাইজের মো. বেলাল হোসেন বলেন, ‘সরকারি ও বেসরকারি সব গ্যাসের দামই এক। এখানে আমাদের কিছু করার নেই। যে দামে কিনি এর চেয়ে ৫০ টাকা বেশি দামে বিক্রি করি।’ একই কথা বলেন বটতলার অপর ব্যবসায়ী আকন ট্রেডার্সের মাহতাব হোসেন।শিতলাখোলা ক্লিনহিট গ্যাসের পরিবেশক বরকত ট্রেডার্সের মালিক মহিউদ্দিন খান বলেন, দেশে যে পরিমাণ মালের দাম বাড়ে, সে অনুযায়ী কমে না। সরকারি গ্যাসের সরবরাহ কম, যা আসে তাও নিয়ে যায় সরকারি লোকজন। এ কারণে বেসরকারি গ্যাসের দাম এত বৃদ্ধি পাচ্ছে। দাম কমানোর কোনো উদ্যোগ নেই।