ধীরগতির কষ্টের যাত্রা এবং বেপরোয়া যান চালানোর কারণে দুর্ঘটনায় প্রাণহানি—এবারের ঈদেও পিছু ছাড়েনি। ঈদের আগের দু-তিন দিন বেশির ভাগ পথেই গন্তব্যে পৌঁছাতে ঘরমুখী মানুষের গড়ে ১০ ঘণ্টা বেশি সময় লেগেছে। আর গত চার দিনে ১৪ জেলায় সড়কে প্রাণ গেছে ৩৯ জনের।
সরেজমিন, যাত্রীদের অভিজ্ঞতা ও পরিবহনশ ্রমিকদের মতে, জোড়াতালির মেরামতের মাধ্যমে ভাঙাচোরা মহাসড়ক সচল রাখা হলেও সব স্থানে পূর্ণ গতিতে যান চলার মতো অবস্থা ছিল না। মহাসড়কের মোড়, বাসস্ট্যান্ড, ব্যস্ত এলাকায় অব্যবস্থাপনাও দেখা গেছে। এ কারণে থেমে থেমে, ধীরগতিতে যান চলেছে। বৃহস্পতি ও শুক্রবার উত্তরের পথে ১৪ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত লেগেছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কষ্টের কারণ ছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের জট। গতকাল সোমবার থেকে ফিরতি যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ফিরতি পথে চাপ আরও বাড়বে।
একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা মওদুদ হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় তাঁর বাস ছিল। কিন্তু রাজধানীর শ্যামলী থেকে বাস ছাড়ে রাত ৩টায়। ঠাঁকুরগাঁও যেতে সময় লেগেছে প্রায় ২৩ ঘণ্টা। গাবতলী, বাইপাইল, চন্দ্রা ও টাঙ্গাইলে যানজটে পড়েছেন। উত্তরের মানুষ সাধারণত বঙ্গবন্ধু সেতু পার হলেই ঝক্কি শেষ মনে করে স্বস্তির নিশ্বাস ফেলে। কিন্তু এবার সেতুর পরও জট-ধীরগতি পাওয়া গেছে।
ঈদের আগে অধিক মুনাফা আর সময়ের ক্ষতি পুষিয়ে নিতে ফাঁকা পেলেই বেপরোয়া যান চালানোর চেষ্টা দেখা গেছে অনেক চালকের মধ্যে। এ কারণে দুর্ঘটনায় প্রাণ ঝরেছে। এর মধ্যে গতকাল কক্সবাজারে শিক্ষার্থীদের পিকনিকের বাস খাদে পড়ে তিন কিশোরের মৃত্যু হয়। ঈদের ছুটিতে শুক্রবার থেকে গতকাল পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। অবশ্য ঈদের দিন ও পরদিন যান চলাচল কমই থাকে। এ নিয়ে গত ২০২ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১ হাজার ৯১৪ জন প্রাণ হারিয়েছে।
সরকারি ও বেসরকারি তথ্যমতে, ঈদে প্রতিবছরই দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি বাড়ে। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি কয়েক বছর ধরে ঈদের আগে-পরের ১২ দিনের সড়ক দুর্ঘটনার ওপর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে আসছে। সংগঠনটির হিসাব বলছে, ২০১৫ সালে ঈদুল আজহার ১২ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ২১১ জনের। গত বছর ঈদুল আজহায় ২৪৮ জন প্রাণ হারায়।
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এবার ভাঙাচোরা সড়ক আর সার্বিক অব্যবস্থাপনার কারণে ৬-৭ ঘণ্টার যাত্রা ২০ ঘণ্টার বেশি লেগেছে। ঈদযাত্রায় দুর্ভোগ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে নাকি বেড়েছে, সেই হিসাব তাঁরা এখনো তৈরি করেননি। শিগগিরই তা প্রকাশ করা হবে। তবে একটা বিষয় দেখা গেছে, প্রতিবছর দুর্ঘটনার পর্যবেক্ষণ প্রকাশের পর সরকারের সংস্থাগুলো এর ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সমস্যার সমাধানে তাদের এত ব্যস্ততা দেখা যায় না। তাই সড়কে প্রাণহানি অব্যাহত আছে।
চার দিনে ৩৯ জন নিহত
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রামে ৬ জন
চট্টগ্রামের রাউজানে শনিবার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেরুলিয়া সেতুর পশ্চিম পাশে বাসের ধাক্কায় আরিয়ান মুহাম্মদ প্রিন্স (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক বশির আহমেদ (৩৫) মারা যান। আতুরার ডিপো এলাকায় ট্রাকচাপায় মোহাম্মদ সোহেল (৩২) নামে এক ব্যক্তি মারা যান।
শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার নয়াখাল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।
নিহত ৩ জন হলেন সাতকানিয়া পৌরসভার সাম চৌধুরীপাড়ার গিয়াস উদ্দিন চৌধুরী (৩২), তাঁর স্ত্রী সৈয়দা নুরুন্নাহার (২৩) ও সাতকানিয়ার মির্জাখীল বাংলাবাজার এলাকার আজিজুল ইসলাম (৬০)।
লক্ষ্মীপুরে ৪ জন
লক্ষ্মীপুর সদরের মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে শনিবার সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর প্রথম আলো বন্ধুসভার ক্রীড়া সম্পাদক মিজানুর রহমানসহ চারজন নিহত হয়েছেন। নিহত অন্য ব্যক্তিরা হলেন সদরের অভিরখিল গ্রামের পল্লিচিকিৎসক ইউসুফ আলী (৪৭), তাঁর ছেলে হাসিবুল হাসান (৭) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক মমিন (৩০)।
শেরপুরে ৪ জন
শেরপুরে শনিবার ও রোববার তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে শনিবার রাতে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় প্রাইভেট কার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (৭০) ও ফিরোজ মিয়া (১৭) মারা যায়। পরদিন জেলা শহরের মীরগঞ্জ এলাকায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী আনন্দ নিহত হন। শেরপুর-শ্রীবরদী সড়কে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি গাড়িচাপায় শিশু সাব্বির (৮) মারা যায়।
কক্সবাজারে ৩ জন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের রামুতে গতকাল নিহত তিন কিশোর হলো সাইমুম (১৬), এরশাদ (১৭) ও জাবেদ (১৬)। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বালুচর এলাকায়। আহত হয়েছে আরও ১৫ জন।
কুমিল্লায় ৩ জন
কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার রাতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন মারা গেছেন। তাঁরা হলেন তিতাসের কানাইনগর গ্রামের রানা মিয়া (৩০), দাউদকান্দির সরকাপুর গ্রামের সোহেল মিয়া (৩৫)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
বগুড়ায় ৩ জন
বগুড়ার শিবগঞ্জে মোকামতলা-জয়পুরহাট সড়কের আলাদীপুরে শনিবার দবির উদ্দিন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা। তিনি একটি অটোরিকশায় চড়ে মেয়ের বাড়িতে মাংস দিতে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি মারা যান।
রোববার শেরপুর উপজেলায় মির্জাপুরে রাস্তা পারাপারের সময় সজব আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার সাতারা গ্রামে। ধুনট উপজেলায় শনিবার মাহফুজার রহমান (৩৫) নামে এক শিক্ষক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
টাঙ্গাইলে ৩ জন
টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোষ্টকামুরী চড়পাড়ায় যাত্রীবাহী বাসের সংঘর্ষে ম্যাক্সির চালক রবিউল ইসলাম (২০) মারা যান। রোববার উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের স্কয়ার এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে ২০ যাত্রী আহত হন।
টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুরে শুক্রবার ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী সুমাইয়া আক্তার (৩৫) ও তাঁর শিশুকন্যা জান্নাত (৫) নিহত হয়েছে।
সিরাজগঞ্জে ৩ জন
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া কলেজের সামনে শনিবার বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন গরু ব্যবসায়ী আবদুস সোবাহান (৪২) ও ইব্রাহীম খলিল (৫০) ও ভ্যানচালক জামাল হোসেন (৪৫)।
মাদারীপুরে ২ জন
গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পান্তাপাড়া ভাঙ্গাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার। শুক্রবার ভাঙ্গাব্রিজ এলাকায় বাস উল্টে আবুল হোসেন (৫২) নামের এক শ্রমিক নিহত হন।
কুষ্টিয়ায় ২ জন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে রোববার বিকেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের রানা (২১) ও ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের মেহেদী হাসান (১৮)।
রংপুরে ২ জন
শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল কলাবাগান এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের যাত্রীবাহী বাস পাশের খাদে পড়ে দুজন নিহত হন। তাঁরা হলেন বাসের সুপারভাইজার রাজা মিয়া (৩৫) ও যাত্রী মফিদুল ইসলাম (৩০)। দুজনের বাড়ি নীলফামারী শহরে।
বাগেরহাটে ২ জন
বাগেরহাটের কচুয়ায় শনিবার বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেজুরগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মিরাজ সিকদার (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি খুলনা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
গতকাল বিকেলে মোল্লারহাট উপজেলার বেরগোয়ালিয়ার সাগর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালক কামরুল শেখ (২৭) নিহত হয়েছেন।
রাজবাড়ীতে ১ জন
রাজবাড়ীতে শনিবার ভোরে বাসচাপায় মন্টু প্রামাণিক (৪৮) নামে এক রিকশাশ্রমিক নিহত হয়েছেন। রাজবাড়ী সদরের বসন্তপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধায় ১ জন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের খাদ্যগুদামের সামনে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১৮) নামের এক ট্রলিচালক নিহত হন শুক্রবার ভোরে।
অার ও পড়ুন :-