ঈদে কী হবে জানেন না বীরাঙ্গনা রাবেয়া

বীরাঙ্গনা রাবেয়া খাতুনের বয়স এখন ৬৫ বছর। স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করতেন তিনি। সে খবর পেয়ে পাকিস্তানি সেনারা হামলা করে তাঁর বাড়িতে। নির্যাতন চলে তাঁর ওপর। এরপর শুরু হয় সামাজিক অবহেলা আর অপমান। এসব কষ্ট বুকে নিয়েই বেঁচে আছেন তিনি। বীরাঙ্গনা রাবেয়ার তিন ছেলে আর দুই মেয়ে। স্বামী গোলাম রহমান পাঁচ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ছেলেদের বিয়ে হয়ে গেছে। বর্তমানে তিনি ছোট ছেলে আফাজ উদ্দিনের সঙ্গে থাকেন। আফাজ ভ্যান চালিয়ে সংসার চালান। কীভাবে দিন কাটছে, জানতে চাইলে আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় এই প্রতিবেদককে রাবেয়া খাতুন বলেন, ‘যুদ্ধের সুমায় মুক্তিযোদ্ধাদের রান্না কইরি খাওয়াইছি। মেলেটারিরা খবর পাইয়ি বাড়িতে হামলা চালায়ছিল। আমাক নির্যাতন করছিল। সেই কষ্ট বুকে নিই আজও বাইচি আছি। ব্যাটা, ঈদের সাহায্যের জন্যিই ঘুরি বেড়াচ্ছি। ছাওয়ালের সংসারি থাকি। কোনরকম চইলি যায়। স্বামীর চিকিত্সার জন্যই পিরায় (প্রায়) এক লাখ ট্যাকা দিনা হয়ছিল। সেই ট্যাকা শোধ করতে পারছিনে। ঈদে এখনো একটা শাড়ি কিনতেও পারিনি।’ রাবেয়া খাতুন জানান, দুই বছর আগে এক পত্রিকার সম্পাদক বাছুরসহ একটা গাভি দিয়েছিলেন। সেটাও মারা গেছে এক বছর হলো। ছেলের সংসারে অভাব লেগেই আছে। ঈদে ভালো কাপড় ও খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আর স্বামীর চিকিত্সার খরচের দেনা এক লাখ টাকা পরিশোধের চিন্তায় ঘুমাতে পারেন না। ঈদে কী হবে, তা তিনি জানেন না। কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আন্দোলনের বাজার’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান ডাবলু জানান, তিন বছর ধরে তিনি প্রতি ঈদে রাবেয়া খাতুনকে সাহায্য দিয়ে আসছেন। দুই বছর আগে তাঁকে গাভি দেওয়া হয়েছিল। তবে দেনার টাকা নিয়ে রাবেয়া খাতুন খুব অসহায় হয়ে পড়েছেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দীন আহমেদ বলেন, জেলার কয়েকজন বীরাঙ্গনার মধ্যে রাবেয়া খাতুন গেজেটভুক্ত। তাঁর পরিবার খুবই গরিব। সরকারিভাবে যখন যা পাওয়া যায়, তা তাঁকে দেওয়া হয়। দু-এক দিনের মধ্যে তাঁকে শাড়ি ও চাল দেওয়া হবে।