ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর দুই পাশে গতকাল মঙ্গলবার ভোররাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখী মানুষকে অসহনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অনেক যাত্রীকে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে।
পুলিশ, বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কারকাজ, সড়কের ওপর অবৈধ স্থাপনা, উল্টো পথে যান চলাচল ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা থেকে মেঘনা সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় প্রতিটি যানবাহনকে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে।
গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত মহাসড়ক ঘুরে দেখা যায়, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহনের চালকেরা উল্টো পথ দিয়ে গাড়ি চালাচ্ছেন। এরই মধ্যে বেলা দুইটায় মেঘনা সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়। এতে যানজট আরও দীর্ঘ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেঘনা সেতুর দুই পাশে, সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত নয় কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কের দুই পাশে কয়েক হাজার যান আটকা পড়ে।
বেলা তিনটায় মেঘনা সেতুর ওপর কথা হয় ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চালক নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বেলা ১১টায় ঢাকার সায়েদাবাদ থেকে রওনা হয়ে পাঁচ ঘণ্টায় তিনি মেঘনা সেতুতে পৌঁছান। অথচ যানজট না থাকলে মাত্র ৪০ মিনিটে এ স্থানে পৌঁছতে পারতেন তিনি। কাঁচপুর সেতু এলাকায় এক ঘণ্টা ও বাকি সময় মেঘনা সেতু এলাকায় যানজটে পড়ে তাঁদের এ সময় নষ্ট হয়েছে। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। অনেককে বাস থেকে নেমে মাথায় পানি ঢালতে দেখা যায়।
কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রী ইলিয়াস মিয়া ও সুবল দাস ক্ষোভের সঙ্গে বলেন, প্রশাসনের অসহযোগিতায়, বিশেষ করে পুলিশের সংখ্যা কম থাকায় যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এ কারণেই যানজটে পড়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাসড়কে যানজট দূর করতে পুলিশ সারা দিনই চেষ্টা করেছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।