দক্ষিণাঞ্চলে যাত্রী পরিবহনের প্রধান মাধ্যম লঞ্চ ও স্টিমারের সংখ্যা পর্যাপ্ত না থাকায় ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। সরকারিভাবে চলাচল করা পাঁচটি স্টিমারের চারটির চলাচল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আর বেসরকারি লঞ্চগুলোর ধারণক্ষমতাও পর্যাপ্ত নয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ঢাকা-বরিশাল পথে ত্রুটিপূর্ণ চারটিসহ পাঁচটি স্টিমার নিয়েই চলবে ঈদের যাত্রী পরিবহন। এর মধ্যে পিএস অস্ট্রিচ ছাড়া বাকি চারটির চলাচল নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ত্রুটিযুক্ত দুটি দীর্ঘদিন নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পড়ে ছিল। ঈদ শুরুর আগে অচল হয়ে পড়ে পিএস টার্ন। সেগুলো কোনোমতে মেরামত করে নামানো হয়েছে। এর মধ্যে পিএস শেলা, মাসুদ ও লেপচারের অবস্থা নাজুক। পিএস অস্ট্রিচের ইঞ্জিন ত্রুটিমুক্ত থাকলেও ছাদ থেকে পানি পড়ে। ফলে এবার ঈদে বিশেষ সার্ভিস তো থাকছেই না, অনিশ্চয়তা দেখা দিয়েছে নিয়মিত সার্ভিস নিয়েও।বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী কমল মিত্র প্রথম আলোকে বলেন, পিএস মাসুদ ও শেলা কয়েক দিনের মধ্যে সার্ভিসে আসবে। টার্ন, লেপচা ও অস্ট্রিচ ইতিমধ্যে সার্ভিসে রয়েছে। এদের মধ্যে শেলা চাঁদপুর-বরিশাল ও বাকি চারটি ঢাকা-বরিশাল মোড়েলগঞ্জ পর্যন্ত চলাচল করবে।ঢাকা-বরিশাল পথে চলাচলকারী বেসরকারি লঞ্চগুলোর মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-বরিশাল নৌরুটে ঈদের সময় আটটি লঞ্চ চলাচল করবে। প্রতিটি লঞ্চের ধারণক্ষমতা ৭৫০ থেকে এক হাজার ২২০ জন হলেও ঈদের সময় দুই থেকে তিন হাজার যাত্রী পরিবহন করা হবে।ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন না করার বিষয়ে জানতে চাইলে লঞ্চমালিক সমিতির সহসভাপতি এবং বরিশাল বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতা দেওয়া হয় একজন যাত্রী রাতে শোয়ার স্থানের ওপর নির্ধারণ করে। বাস্তবে ঈদের সময় যাত্রীরা দাঁড়িয়ে ও বসে আসা-যাওয়া করায় বেশি যাত্রী পরিবহন করা সম্ভব। তবে নিয়ম অনুযায়ী পানির স্তর ঠিক রেখেই যাত্রী পরিবহন করা হয়।বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক আবুল বাসার প্রথম আলোকে বলেন, ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করলে তা হয়তো প্রতিরোধ করা সম্ভব হবে না। তবে লঞ্চের গায়ে যে ‘লোড লাইন’ দেওয়া আছে, কোনোভাবেই তার বেশি যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না।এ ব্যাপারে সাইদুর রহমান বলেন, ১৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত রোটেশন পদ্ধতি তুলে দেওয়া হবে। এ সময় গড়ে আটটি লঞ্চ চলাচল করবে। এতে যাত্রী চাপ সামাল দেওয়া সম্ভব হবে।বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক গোপাল কৃষ্ণ মজুমদার বলেন, স্পেশাল সার্ভিস চালু না থাকলেও ঢাকা-বরিশাল পথে পাঁচটি স্টিমার চলাচাল করবে। ঈদে দক্ষিণাঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিএ।