
ময়মনসিংহ শহরের পাটগুদাম থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়কটি খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এই অবস্থায় সড়কটি দিয়ে ঘরমুখী চার জেলার মানুষ ভোগান্তিতে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সওজের ওই সড়কটি দিয়ে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার মানুষ চলাচল করে।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ওই চার জেলার কয়েক লাখ মানুষ ঘরমুখী হয়। তখন যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারলে তৈরি হবে চরম যানজট। বৃষ্টি হলে এই শঙ্কা আরও বাড়বে। এ ছাড়া পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল ও কেওয়াটখালী বাইপাস এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণেও বড় ধরনের যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সওজের ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ শহরের পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল থেকে শম্ভুগঞ্জ মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল। সম্প্রতি সড়কটির স্থায়ী সংস্কারের আদেশ হয়। তবে বৃষ্টির কারণে যথাসময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। মাত্র দিন ১৫ আগে কাজ শুরু হয়। সড়কের আনুমানিক ৫০০ মিটার অংশে প্রাথমিক সংস্কার হলেও চর কালীবাড়ি এলাকায় পৌরসভার ভাগাড়, বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল আদায় কেন্দ্র ও শম্ভুগঞ্জ মোড় এলাকার সংস্কারকাজ এখনো শুরু হয়নি। ঈদ সামনে রেখে আপাতত স্থায়ী সংস্কারকাজ বন্ধ থাকবে। বর্তমানে পৌরসভার ভাগাড় এলাকায় ২৫০ মিটার অংশ যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ায় ওই অংশে ইট বসিয়ে বিকল্প পথ তৈরি করা হচ্ছে।
বাসচালক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ইট বসিয়ে যে বিকল্প পথ করা হচ্ছে, তা বৃষ্টি হলেই বেহাল হয়ে পড়বে। তা ছাড়া বৃষ্টি হলে ভাগাড়ের আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ে বিকল্প পথটিতে ভোগান্তির আরেক কারণ হবে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে চর কালীবাড়ি এলাকায় ও শম্ভুগঞ্জ মোড় ঘুরে দেখা যায়, সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ওই সব অংশে যানবাহন হেলেদুলে ধীরগতিতে চলে।
চর কালীবাড়ি পৌরসভার ভাগাড়ের সামনে দেখা যায়, সড়কজুড়ে বড় বড় গর্ত। আবর্জনা ছড়িয়ে পড়ে সড়ক সরু হয়ে গেছে। ওই অংশে ইট বসিয়ে বিকল্প পথ করা হচ্ছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, প্রয়োজনমতো তিন থেকে পাঁচ মিটার প্রস্থে বিকল্প পথটি করা হচ্ছে। বাসচালক ও স্থানীয় ব্যক্তিরা জানান, বিকল্প পথটি খুব দুর্বলভাবে করা হচ্ছে। বাস বা ট্রাকের মতো ভারী যান চলাচল করলে অল্প সময়েই দেবে যেতে পারে। বৃষ্টিতে ভাগাড়ের আবর্জনা ছড়িয়ে পড়লে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে উঠবে।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দু-এক দিনের মধ্যে যানবাহনের চাপ বাড়বে। তখন বেহাল অংশগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এমনকি চর কালীবাড়ি এলাকায় বর্তমানে যে অবস্থা, ঈদের কমপক্ষে সাত দিন আগে তার উন্নতি না হলে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশীল মাসুদ খান বলেন, ‘যানজটের ভোগান্তির বিষয়টি আমাদের মাথায় রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যাতে ঈদের আগে ও পরে বেহাল অংশগুলো চলাচলের উপযোগী রাখা যায়। ঈদের পর স্থায়ী সংস্কার শুরু হবে।’