ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু, ফেরা নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষ রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে। ঝক্কিঝামেলা ও যানজটের কথা বিবেচনা করে অনেক নগরবাসী গতকাল শুক্রবারই পরিবার-পরিজনকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তবে জামায়াতে ইসলামী ১২ ও ১৩ আগস্ট হরতাল ডাকায় ফিরতি যাত্রা নিয়ে শঙ্কা ভর করেছে ঘরমুখী মানুষের মধ্যে। অগ্রিম ফিরতি টিকিট কেনা অনেকে বেকায়দায় পড়েছেন।গতকাল বিকেল চারটার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একতা ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা এ এস এম সায়েম। তিনি জানান, স্ত্রীও মেয়েদের দিনাজপুরের ট্রেনে তুলে দিতে এসেছেন। তিনি যাবেন ঈদের আগের দিন। অনেক কষ্টে স্ত্রী ও মেয়েদের যাওয়ার টিকিট জোগাড় করেছেন, নিজেরটা জোগাড় হয়নি।ঈদের পর ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করে সায়েম বলেন, ‘ছোট ভাইকে দিয়ে ১২ আগস্ট ফেরার জন্য বাসের টিকিট কাটিয়েছি। কিন্তু সেদিন হরতালে বাস না চললে কী হবে ভেবে পাচ্ছি না।’৯ আগস্ট ঈদ হলে ১০ আগস্ট পর্যন্ত সরকারি ছুটি। আর ১০ আগস্ট ঈদ হলে ছুটি এক দিন বাড়বে। সে ক্ষেত্রে যাঁরা ট্রেনে ঢাকায় ফিরবেন, তাঁরা ঝামেলায় পড়বেন। কারণ, ঈদের পরদিন ট্রেন চলে না। বিকেলের দিকে কাছের গন্তব্যের দু-একটি ট্রেন চলে। এ ছাড়া হরতালে দূরপাল্লার বাস চলে না। প্রতিবছরই ঈদের এক দিন পর ফিরতি মানুষের স্রোত শুরু হতে দেখা যায়। হরতালে ট্রেন চললেও এত যাত্রী বহনের সুবিধা বাংলাদেশ রেলওয়ের নেই।যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জামায়াতের ডাকা ওই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। গতকাল মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের পরিবহনব্যবস্থা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘হরতাল যারা আহ্বান করে তাদের বলব, ফিরতি পথের যাত্রীদের সমস্যার কথা ভেবে এবং কর্মস্থলে ফেরার বিষয়টি বিবেচনা করে তারা যেন এ সময় হরতাল না ডাকে।’যোগাযোগমন্ত্রী বলেন, ‘হরতাল কর্মসূচিটা এখন ভোঁতা হয়ে যাচ্ছে। একসময় মানুষ হরতালে অসহ্য হয়ে রাস্তায় নামবে, আমরাও গাড়ি চালাব।’ হরতালে গাড়ি চালানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের হরতাল প্রত্যাহার করতে বলুন, গাড়ি তো আমরা চালাব, মানুষ তো ভয়ে উঠবে না।’শঙ্কা নিয়ে যাত্রা শুরু: ঈদের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিটে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামীকাল রোববার থেকে। কিন্তু পরিবার-পরিজনকে পাঠানো শুরু হয়ে গেছে গতকাল থেকেই।বিকেলে উপকূল ট্রেনের অপেক্ষায় থাকা ফকরুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সুযোগ নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে নোয়াখালী যাচ্ছেন। তিনি শনিবার (আজ) ফিরে আসবেন এবং ঈদ করতে বাড়ি যাবেন ৮ আগস্ট। তিনি বলেন, ‘হরতালের কারণে ঈদের পরদিনই ফিরতে হবে। তবে টিকিট পাব কীভাবে, সেটাই বড় প্রশ্ন।’বিকেলে মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের তেমন ভিড় দেখা যায়নি। তবে গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর ও শ্যামলীতে নামি ও বড় পরিবহন কোম্পানিগুলোর কাউন্টারের সামনে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে।কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারে বিকেল সাড়ে পাঁচটার দিকে কথা হয় বায়িং হাউসের কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ঈদের আগের দিন পর্যন্ত অফিস করতে হবে। পরিবারের সদস্যদের নিয়ে তখন বাড়ি যাওয়া কঠিন হবে। তাই স্ত্রী-সন্তানদের রংপুরের বাসে তুলে দিতে এসেছেন। ফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘১২ ও ১৩ আগস্ট হরতালের কারণে ফিরতি টিকিটেরও হাহাকার। এখনো আসার টিকিট জোগাড় করতে পারিনি।’কল্যাণপুরেই এসআর পরিবহনের কাউন্টারে কথা হয় লালমনিরহাটের যাত্রী মোহাইমেনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, পারিবারিক অনুষ্ঠান আছে ঈদের পর। সেভাবে পরিকল্পনা করে ১৩ আগস্টের ফিরতি টিকিট কেটেছেন। কিন্তু হরতাল ডাকায় সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে।রেলওয়ের কর্মকর্তা ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটির আগে শুক্র ও শনিবারের ট্রেন এবং বাসেরও প্রচুর টিকিট বিক্রি হয়েছে।