ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু ১০ অক্টোবর থেকে
শারদীয় দুর্গাপূজার পরপরই পবিত্র ঈদুল আজহা, তাই এবার ঢাকা থেকে মানুষের ঘরমুখী যাত্রা শুরু হচ্ছে ১০ অক্টোবর থেকেই। লম্বা ছুটির কারণে বাসের টিকিট নিয়ে খুব একটা হইচই নেই। তবে ১০, ১৩ ও ১৪ অক্টোবরের ট্রেনের টিকিটের জন্য হাহাকার দেখা গেছে।
গতকাল শুক্রবার ট্রেনের ১৩ অক্টোবরের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। সকাল নয়টায় কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাটতে আসা মানুষের সারি প্ল্যাটফর্ম ছাড়িয়ে অনেক দূর গেছে। আশরাফুল ইসলাম ও মনিরুল আলম ছিলেন টিকিট কাউন্টারের সামনে। তাঁরা জানান, গত বৃহস্পতিবার রাতেই তাঁরা সারিতে দাঁড়িয়েছিলেন। নিজেদের ক্রম ঠিক রাখতে নাম ও ক্রমিক নম্বরসংবলিত তালিকা করেছিলেন। তাঁরা তিনজনই চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট পেয়েছেন।
কিন্তু সারির শেষের দিকে থাকা ব্যক্তিদের অনেকে কাঙ্ক্ষিত টিকিট পাননি। দুপুর ১২টার দিকে মাইসুকুর রহমান জানান, সকাল আটটায় সারিতে দাঁড়িয়ে কাউন্টার পর্যন্ত পৌঁছে দেখেন, টিকিট শেষ।
বেলা আড়াইটার দিকে প্ল্যাটফর্মে জটলা করে নাম তালিকাভুক্ত করতে দেখা যায় তৈরি পোশাককর্মী মো. আনিসকে। তিনি জানান, আজ শনিবার সকালে টিকিট কাটতে কার পর কে দাঁড়াবেন, সেই তালিকা করছেন তাঁরা। রাতে স্টেশনেই থাকবেন।
এবার আন্তনগর ট্রেনের ১১ থেকে ১৫ অক্টোরের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ে সূত্র জানায়, এই পাঁচ দিনের মধ্যে ১৩ ও ১৪ অক্টোবরের যাত্রার টিকিটের চাহিদাই বেশি। বিশেষ করে মন্ত্রী, সাংসদ, বিচারপতি, ব্যবসায়ী, আমলাসহ বিভিন্ন শ্রেণীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বেশির ভাগ চাহিদা এই দুই দিনের টিকিটের জন্য। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রেলের কর্মকর্তাদের জন্য এবং মুঠোফোন ও অনলাইনে বিক্রির উদ্দেশ্যে ট্রেনের প্রায় ৪০ শতাংশ টিকিট সংরক্ষণ করা হয়। তাঁদের প্রায় সবারই চাহিদা উচ্চশ্রেণীর টিকিটের। এ জন্য সাধারণ যাত্রীরা উচ্চশ্রেণীর টিকিট চাহিদামতো পান না।
পূজার কারণে ১০ অক্টোবরের টিকিটেরও ব্যাপক চাহিদা রয়েছে। কোটা ছাড়া ১০ অক্টোবরের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।