ঈদে ঘরে ফিরতে পারছে না বানভাসি ৫০০ পরিবার
বগুড়ার ধুনটে বন্যার পানি কমলেও এখনো কাদাপানি থাকায় ঈদে নিজেদের ঘরে ফিরতে পারছে না পাঁচ শতাধিক পরিবার। গত মাসে বন্যায় বাড়িতে পানি ওঠায় বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেয় এসব পরিবার।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া বানভাসি পরিবারগুলো ছোট ছোট ঝুপড়ি ঘরে বসবাস করছে। ঘরগুলোর ওপরে টিন দেওয়া আর চারপাশ ঢাকা হয়েছে পলিথিন, চট ও কাঁথা দিয়ে। চৌকি, হাঁড়ি-পাতিলসহ সাংসারিক বিভিন্ন জিনিসপত্রে ঠাসা ঘরগুলো। ঘরের পাশেই বাঁধা রয়েছে গবাদিপশু।
বন্যানিয়ন্ত্রণ বাঁধের শিমুলবাড়ি এলাকায় আশ্রয় নেওয়া বথুয়ার ভিটা গ্রামের আবদুস সামাদ (৮০) বলেন, বন্যায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে প্রায় এক মাস ধরে এখানে রয়েছেন। তাঁদের দুই বিঘা জমির রোপা ধানও নষ্ট হয়ে গেছে।
আবদুস সামাদ বলেন, ‘জীবনের প্রথম থাইকাই যমুনার পানির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সব হারাইয়া ফালাইছি। এখন শেষ বয়সে আইসা আর পারছি না। ঘরে পানি নাইমা গেছে কিন্তু কাদা এখনো শুখায় নাই। তাই ঈদের আগে বাড়ি যাইতে পারছি না।’
বাঁধে আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক পরিবারের মধ্যে অনেকের ঝুপড়ির চারদিকে বেড়া দেওয়ার মতো সামর্থ্যও নেই। বাড়িতে এখনো বন্যার কাদাপানি থাকায় ঈদের আগে বাড়ি ফেরা হবে না এসব পরিবারের।
স্থানীয় সূত্র জানায়, গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি পায়। এতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে শিমুলবাড়ি, রাধানগর, বৈশাখী, বথুয়ারভিটা, বানিয়াজান, উত্তর শহরাবাড়ি, দক্ষিণ শহরাবাড়ি, কৈয়াগাড়ি, রঘুনাথপুর, ভূতবাড়ি, পুকুরিয়া, মাধবডাঙ্গাসহ ১২টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ফলে বন্যাকবলিত এসব এলাকার প্রায় এক হাজার পরিবারের মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছিল বন্যানিয়ন্ত্রণ বাঁধে। এদের মধ্যে প্রায় ৫০০ পরিবার বাড়ি ফিরে গেছে।
এ বিষয়ে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়া পরিবারগুলোর দুঃখকষ্টের শেষ নেই। বন্যার পানি নেমে গেলেও ঘরবাড়িতে এখনো কাদাপানি রয়েছে। এসব পরিবার ঈদের আগে বাড়ি ফিরতে পারবে িক না, তাও বলা যাবে না। বাঁধে আশ্রয় নেওয়া বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে এ পর্যন্ত দুই লাখ টাকা মূল্যের শুকনো খাবার ও ২৫ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।