ঈদে ছয় দিন ট্রাক পারাপারবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধ, তেল, মাছ, সারসহ পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা (বিআইডব্লিউটিসি), মানিকগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, পাটুরিয়া ঘাটে হঠাৎ কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ চিকিৎসক দল থাকবে। এ ছাড়া ঘাট এলাকায় যাত্রীদের ব্যবহারের জন্য কয়েকটি শৌচাগারের ব্যবস্থা করা হবে।

পাটুরিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কারী যানবাহনগুলোর বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নয়টি রো রো (বড়) ও তিনটি কে টাইপ (মাঝারি) ফেরি রয়েছে। ঈদে যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে আরও দুটি রো রো ফেরি সংযুক্ত করা হবে।