ঈদে ছয় দিন মহাসড়কে ভারী যান বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘরমুখী মানুষের বাড়ি যাওয়া ও আসা নির্বিঘ্ন করতে ঈদুল আজহার আগের ও পরের তিন দিন করে ছয় দিন মহাসড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। তবে পোশাকসামগ্রী, ওষুধ ও পচনশীল পণ্যবাহী ভারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট কমাতে প্রথম ধাপে বেশিসংখ্যক শ্রমিককে ছুটি দিতে গার্মেন্টস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
গতকাল শনিবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে শহীদ নগর ও জিংলাতলিতে চার লেন প্রকল্পের নির্মাণাধীন দুটি সেতুর উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বৃষ্টির কারণে চার লেনের কাজ বাধাগ্রস্ত হয়। ঈদের পরে পুরোদমে কাজ চলবে। আগামী ডিসেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চার লেন প্রকল্পের সুবিধা পাবেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় শোক দিবসের ৪০ দিনের কর্মসূচি শেষ। এখনো সড়ক-মহাসড়কের পাশ থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর বিলবোর্ড, ব্যানার, পোস্টার তুলে নেওয়া হয়নি। অবিলম্বে নিজ দায়িত্বে নেতা-কর্মীদের এগুলো সরিয়ে ফেলতে হবে।
এ সময় চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুস সবুরসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।