ঈদে টাঙ্গাইলের পাড়ায় পাড়ায় 'মাংস সমিতি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছে। প্রতীকী ন্যাশনালে মিট নামে আছে
আছে। প্রতীকী ন্যাশনালে মিট নামে আছে

টাঙ্গাইলের পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে ‘মাংস সমিতি’। শহর ও বিভিন্ন উপজেলার গ্রামপর্যায়ে প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের সমিতি গড়ে উঠেছে। সারা বছর একটু একটু সঞ্চয় করে ঈদের আগে পশু কিনে জবাই করে মাংস ভাগ করে নেন সমিতির সদস্যরা। এভাবে নিম্ন আয়ের মানুষের আর্থিক চাপ যেমন কমে, পাশাপাশি হয় বাড়তি আনন্দ।

সমিতির সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, ১০ থেকে ১২ বছর আগে দু-এক জায়গায় এ ধরনের সমিতি চালু হয়। পরে প্রতিবছর সমিতির সংখ্যা বাড়তে থাকে। এ বছর টাঙ্গাইল সদর উপজেলাতেই সমিতির সংখ্যা প্রায় হাজারখানেক হবে বলে তাঁরা জানিয়েছেন। এ ধরনের সমিতিতে সদস্যসংখ্যা ২০ থেকে ৫০ জন পর্যন্ত থাকেন। তাঁরা প্রত্যেকে প্রতি সপ্তাহে বা মাসে নির্ধারিত হারে চাঁদা জমা দেন। পরে জমা করা টাকায় ঈদের দু-এক দিন আগে গরু বা ছাগল কিনে এনে জবাই করে মাংস ভাগ করে নেন। ওই গরু বা ছাগলের চামড়া বিক্রির টাকা দিয়ে প্রাথমিক তহবিল করে শুরু হয় পরের বছরের জন্য সমিতির কার্যক্রম।
টাঙ্গাইল শহরের প্রতি পাড়া-মহল্লা এবং সদর উপজেলার প্রতিটি গ্রামেই এ ধরনের সমিতি গঠন করা হয়। শুরুতে শুধু নিম্নবিত্তের লোকেরা এ ধরনের সমিতি করলেও এখন মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের মানুষও সমিতি করছেন।
টাঙ্গাইল পৌর এলাকার বাগবাড়িতে এ ধরনের একটি সমিতি গঠন করেছিলেন গৃহবধূ লাভলি আক্তার। ওই সমিতির সদস্য মিঠুন মিয়া বলেন, তাঁদের সমিতিতে সদস্যসংখ্যা ছিল ৪০। প্রত্যেকে সপ্তাহে ৫০ টাকা করে জমা দিতেন। ৫০ সপ্তাহে তাঁদের সমিতিতে জমা হয় এক লাখ টাকা। এই টাকা দিয়ে গত বুধবার তাঁরা একটি গরু কিনে এনে মাংস ভাগ করে নিয়েছেন। প্রত্যেকের ভাগে পাঁচ কেজি করে মাংস পেয়েছেন। শুধু তাঁদের ওয়ার্ডেই এ ধরনের অন্তত ৩০টি ‘মাংস সমিতি’ রয়েছে।
যাঁরা এসব সমিতি করছেন, তাঁদের মধ্যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের উদ্দেশ্য উৎসবের সময় বাড়তি চাপ কমানো। আর দরিদ্রদের কারও কাছে সারা বছরে দুবার বেশি পরিমাণ মাংসের স্বাদ গ্রহণ। যে সুযোগ তাদের অন্য সময় প্রায় হয়ই না।
টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকার আনিছুর রহমান জানান, ঈদের আগে নতুন জামা-কাপড় কেনাসহ অনেক খরচ হয়। হাত খালি হয়ে যায়। সমিতি করলে অনায়াসে ১০-১২ কেজি মাংস পাওয়া যায়। সাপ্তাহিক কিস্তি দেওয়ায় মাংসের খরচটাও গায়ে লাগে না। আর এ মাংস দিয়ে ঈদের দিন নিজেরাও খাওয়া যায়, অতিথিও আপ্যায়ন করা যায়।
মগড়া ইউনিয়নের কুইজবাড়ি গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, সমিতি করলে নিজেরা গরু কিনে এনে ভালো মাংস পাওয়া যায়। তা ছাড়া খরচের চাপটাও অনেক কমে।
জেলাজুড়ে নিম্ন আয়ের মানুষের এই উদ্যোগকে ‘সমন্বিত চেষ্টার একটি প্রতিফলন’ বলে মনে করেন জেলার শিক্ষানুরাগী অধ্যাপক বাদল মাহমুদ। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘অবচেতনভাবে মানুষ তাদের একতাবদ্ধ হওয়ার শক্তির বাস্তবায়ন দেখিয়েছে। দীর্ঘ সময় ধরে মানুষ উৎসবের জন্য অপেক্ষা করে। তাদের এই অপেক্ষা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেয়।’