ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৫ সেপ্টেম্বর
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট।
রাজধানীর রেলভবনে গতকাল বৃহস্পতিবার ঈদ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, এবার যাত্রীরা পাঁচ দিনের আগাম টিকিট কিনতে পারবেন।
১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের, ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের, ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর বিক্রি হবে যথাক্রমে ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট। ঈদের পর রাজশাহী, খুলনা, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট পাওয়া যাবে। ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকিট।
রেলমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও প্রতিদিন সকাল নয়টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদের আগে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর তিন দিন ও ঈদের পরে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পাঁচ জোড়া ‘স্পেশাল’ ট্রেন চলবে। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় যাওয়া-আসা করবে দুটি বিশেষ ট্রেন। ‘স্পেশাল’ ট্রেনগুলোর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ঢাকা-দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল ১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর, পার্বতীপুর স্পেশাল ঢাকা-পার্বতীপুর এবং খুলনা স্পেশাল ঢাকা-খুলনা পথে চলাচল করবে।
রেলমন্ত্রী বলেন, ২০ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।