ঈদুল ফিতর উপলক্ষে ২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত। আর ২০ জুন থেকে দূরপাল্লার পথের বাসের টিকিট বিক্রি শুরু হবে।
আগামী ৬ জুলাই ঈদ হবে ধরে নিয়ে ট্রেন ও বাসের টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে। এবার ঈদযাত্রার ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। কয়েক বছর ধরে পাঁচ দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হতো।
গতকাল বুধবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেন।
রেলমন্ত্রীর ঘোষণা অনুসারে, ২২ জুন বিক্রি হবে ১ জুলাই যাত্রার টিকিট। ২ জুলাই যাত্রার টিকিট বিক্রি হবে ২৩ জুন। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুন।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এবার ঢাকার কমলাপুর থেকে দৈনিক প্রায় ৪৩ হাজার অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে। এর ২৫ শতাংশ অনলাইনে বিক্রি হবে। অনলাইনের নিশ্চিত করা টিকিটও সংগ্রহ করতে হবে কমলাপুর থেকে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য (ভিআইপি) ও রেলওয়ে কর্মীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। তবে রেলওয়ে কর্মকর্তারা বলেন, অতীতে এভাবে কোটা ঠিক করে দিলেও ভিআইপি ও রেলকর্মীদের চাহিদা ৫ শতাংশে সীমাবদ্ধ থাকেনি। কমলাপুর ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হবে। আর ফিরতি টিকিট বিক্রি হবে চট্টগ্রাম, রাজশাহী, লালমনিরহাট ও খুলনাসহ বিভিন্ন স্টেশনে।
সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদ উপলক্ষে আন্তনগর ট্রেনের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
ঈদ উপলক্ষে বাড়তি সেবা দেওয়ার কথা উল্লেখ করে মুজিবুল হক বলেন, ঈদে সাতটি বিশেষ ট্রেন চালানো হবে। ঢাকা-চট্টগ্রাম পথে একটি নতুন আন্তনগর ট্রেন চালুরও চেষ্টা চলছে। ১৭০টি পুরোনো বগি মেরামত করে এবং নতুন কেনা ৪০টি বগি রেলের বহরে এবার ঈদে যোগ হবে। ঈদ উপলক্ষে ৪৩টি ইঞ্জিনও বাড়তি নামানো হবে।
বিলাসবহুল বাসের বড় কোম্পানিগুলো ঈদ উপলক্ষে ২০ জুন থেকে দূরপাল্লার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, ঈদের আগের তিন দিনের টিকিটেরই চাহিদা বেশি থাকে। বিক্রির শুরুর পরই এই শেষ তিন দিনের টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে যায়। এর আগের টিকিট পাওয়া যায় সহজেই।
কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনেও বাসের টিকিট বিক্রি করছে। সহজডটকম নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির প্রথম আলোকে বলেন, ২৮টি বাস কোম্পানির টিকিট তাঁরা অনলাইনে বিক্রি করেন। কলসেন্টারে ফোন করে বা অনলাইনে কেউ চাহিদা দিতে পারেন। বাড়তি ২১ টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়।