৪৮ ঘণ্টার মধ্যে অপসারণে কাজ করবেন ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী
ঈদে ঢাকায় বর্জ্য হবে ২০ হাজার টন
এবারের কোরবানির ঈদে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ২০ হাজার টন বর্জ্য হবে। এই বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। ঈদের দিন বেলা দুইটা থেকে পরের ৪৮ ঘণ্টার মধ্যে সব বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) গাবতলী পশুর হাটের পাশাপাশি এবার ৮ কোটি ৩৫ লাখ টাকার বিনিময়ে আটটি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা ও সার্বিক কার্যক্রম কী হবে, তা তুলে ধরতে গতকাল শনিবার ডিএনসিসির নতুন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বলেন, ডিএনসিসিতে দৈনিক আড়াই হাজার টন বর্জ্য হয়। তবে এবারের কোরবানির ঈদে ডিএনসিসিতে মোট বর্জ্য হবে নয় হাজার টন। এই বর্জ্যগুলো পরিষ্কারের জন্য ডিএনসিসির ৩ হাজার ২৩০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত থাকবেন। কোরবানির সব বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।
মেয়র বলেন, এবারের ঈদে পরিচ্ছন্নতা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য দুটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থাকবে। তা ছাড়া ডিএনসিসির পাঁচটি অঞ্চলে একটি করে আঞ্চলিক নিয়ন্ত্রণকক্ষ থাকবে। কোরবানি দেওয়ার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে ৬৪৮টি। এর মধ্যে ১৯৬টি স্থানে মাওলানা, কসাইসহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। পশু জবাইয়ের পর ফিনাইল ও স্যাভলন মিশ্রিত পানি দিয়ে প্রতিটি স্থান পরিষ্কার করা হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এই নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানির জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি করপোরেশনের পক্ষ থেকে পশুর বর্জ্য দ্রুত অপসারণের সুবিধার্থে দুই লাখ পলিব্যাগ বিতরণ করা হয়েছে। এ ছাড়া এলাকায় এলাকায় মাইকে প্রচার এবং সাড়ে পাঁচ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ছুটি বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবদুল হালিম, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, ওয়ার্ড কাউন্সিলরও মহিলা কাউন্সিলররা এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ সিটি করপোরেশন: কোরবানির বর্জ্য অপসারণে ২ লাখ ১০ হাজার চটের বস্তা ও পচনশীল পলিব্যাগ বিনা মূল্যে বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৪৮ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণে পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি, মালামাল, পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। এ ছাড়া ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে ৭ হাজার ৩০৪ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠে থাকবেন। তাঁরা ডিএসসিসির ১৪টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণেও কাজ করবেন। বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নগরবাসীর কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রতিটি এলাকায় থাকছে পর্যাপ্ত ভ্যান সার্ভিসের ব্যবস্থা।
কোরবানির পশুর রক্ত পরিষ্কার করতে ডিএসসিসির নিজস্ব নয়টি পানির গাড়িসহ ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী থেকে পাওয়া পানির গাড়ি নিয়োজিত থাকবে।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কমিটির সভাপতি ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যে কোরবানির পশু জবাইয়ের স্থান এবং ঈদগাহ মাঠে পৃথকভাবে ৬৫০টি শামিয়ানা টানানো হয়েছে।