ঈদে দৌলতদিয়া নৌপথে ট্রাক পারাপার বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ঈদে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নœকরতে ট্রাক পারাপার বন্ধ থাকবে এবং যাত্রী হয়রানি বন্ধে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কাঁচামাল বহনকারী ট্রাক চলাচল করবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় ঈদের আগে ও পরে দৌলতদিয়া ফেরিঘাটের যানজট পরিস্থিতি নিরসনে সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন-ব্যবস্থা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। রাজবাড়ীর দৌলতদিয়ায় চারটি পুরোনো ও দুটি নতুন ঘাট সচল রাখা হবে। পরিবহন ও যাত্রীদের পারাপারের জন্য যাতায়াত করবে ১৮টি ফেরি ও ৩৩ লঞ্চ। ফিটনেসবিহীন নৌযান ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হবে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহনের বিষয়েও নজর রাখা হবে। বেশি ভাড়া আদায়, যাত্রীদের হয়রানি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী মোতায়েন করা হবে। নিয়োজিত থাকবে ভ্রাম্যমাণ আদালত।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শওকত আলী। এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল প্রমুখ।
সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।