ঈদে নতুন কাপড় পেয়ে দিদারুলের মুখে হাসি
হতদরিদ্র পরিবারের শিশু দিদারুল ইসলাম। পরিবার তাকে ঈদে নতুন কাপড় কিনে দিতে পারেনি। ঝিনাইদহ বন্ধুসভার সদস্যরা দিদারুলের হাতে তুলে দিয়েছেন নতুন শার্ট আর প্যান্ট। নতুন পোশাক পেয়ে ভীষণ খুশি দিদারুল। আনন্দের সঙ্গে বলে ওঠে, ‘এবার ঈদের মাঠে যাব।’
গতকাল বৃহস্পতিবার সকালে দিদারুল ইসলামের মতো আরও চার হতদরিদ্র শিশুর হাতে নতুন কাপড় তুলে দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। এরা হচ্ছে রাকিব হোসেন, মোজাফফর হোসেন, তামিম ইসলাম ও তাসমিয়া আক্তার। এরা সবাই ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা। বন্ধুরা বলেন, তাঁরা নিজেদের ঈদ খরচ থেকে কিছু বাঁচিয়ে এ সহায়তা করেছেন।
বন্ধুরা আরও বলেন, পাড়ায় ঘুরে তাঁরা দেখতে পেয়েছেন এখনো অনেক দরিদ্র পরিবারের শিশু নতুন কাপড়ের আশায় বসে আছে। তাই ভবিষ্যতে আরও বেশি সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন কাপড় বিতরণের চেষ্টা করবেন তাঁরা।
শিশুদের হাতে কাপড় তুলে দেন বন্ধুসভার উপদেষ্টা শাহীনূর আলম লিটন। এ সময় বন্ধুসভার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি তানজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এস এ বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।