ঈদে নতুন ছবি মাত্র চারটি, অডিও বাজারেও মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ছবি মুক্তির সংখ্যা দিন দিন কমছে। এবার ঈদুল আজহায় সারা দেশের প্রেক্ষাগৃহে মাত্র চারটি ছবি মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে এফ আই মানিকের স্বামী ভাগ্য, শাহাদৎ হোসেনের জিদ্দি মামা এবং বদিউল আলমের দুটি ছবি ডন নম্বর ওয়ান ও ১০০% লাভ—বুক ফাটে তো মুখ ফোটে না। অন্যদিকে এবারের ঈদের বাজারে নতুন প্রকাশিত অডিও অ্যালবামের সংখ্যাটিও তুলনামূলকভাবে কম।বরাবরের মতো এবারের ঈদেও বেশি সংখ্যক ছবির নায়কের আসন ধরে রেখেছেন শাকিব খান। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় শাকিবের বিপরীতে অপু বিশ্বাসকেই নায়িকা হিসেবে বেশি দেখা গেছে। এবার অপু বিশ্বাসের অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। ছবি দুটি হচ্ছে জিদ্দি মামা ও ১০০% লাভ—বুক ফাটে তো মুখ ফোটে না। অন্যদিকে, শাকিবের বিপরীতে ছবি দুটিতে নায়িকা হিসেবে রয়েছেন রোমানা। এই প্রথম একসঙ্গে তাঁর অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। ঈদের তিন ছবির নায়িকা হবেন রোমানা। অ্যাকশনধর্মী ডন নম্বর ওয়ান ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা হয়েছেন সাহারা। শাকিব, অপু, রোমানা, সাহারা ছাড়াও ঈদের ছবিগুলোতে দেখা যাবে সোহেল রানা, উজ্জল, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।এবার হাতে গোনা মাত্র কয়েকটি অ্যালবাম বাজারে এসেছে। অন্যবারের মতো এবারও বেশির ভাগ অ্যালবামের শিল্পী নবীন। ঈদের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে একক ও মিশ্র অডিও অ্যালবাম, চলচ্চিত্রের গানের অ্যালবাম, চলচ্চিত্রের ডিভিডিসহ সর্বাধিক ১৬টি অ্যালবাম বাজারে আসছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফুর রহমান। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে: সুপ্রভাত, হূদয়ে নদী, ঝিরিঝিরি বৃষ্টি, নেকাব্বরের মহাপ্রয়াণ, ঘেটুপুত্র কমলা এবং উত্তরের সুর। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের এবারের অ্যালবামের মধ্যে প্রাধান্য পেয়েছে ব্যান্ডের অ্যালবাম। জি-সিরিজের অন্য অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: বাপ্পা মজুমদার ও তপুর লেটারস ফ্রম শিলিগুড়ি ২, টফি রেনারের নীল স্বপ্ন, শাহেদের উটপাখির ডিম, মৌসুমী চট্টোপাধ্যায়ের আলোকমঞ্জরী, মিস্টিরিয়াস ব্যান্ডের এক্স ফাইলস এবং কার্নিভাল ব্যান্ডের আত্মোৎসর্গ। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসও নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী তৌসিফের নতুন একক অ্যালবামের স্বত্ব ১০ লাখ টাকায় কিনে আলোচনায় রয়েছে। ক্ষুদে গানরাজখ্যাত নওমীর একক গানের অ্যালবামও প্রকাশ করবে তারা।