ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি সেল
ঈদকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদাবাজি, ছিনতাই, পোশাক শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে এ কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে প্রধান করে গঠন করা ছয় সদস্যের এ কমিটিতে আরও আছেন যুগ্ম সচিব সাফাত আহমদ চৌধুরী, কমল কান্তি বৈদ্য, উপ-সচিব ছিদ্দিক উল্যা ভূঞাঁ, এ কে এম মনোয়ার হোসেন আখন্দ ও শহীদুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মলম পার্টির দৌরাত্ম্য, টিকিট কালোবাজারি, জলদস্যুতা, গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ইত্যাদি প্রতিরোধ এবং ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনা ও নগদ অর্থ পরিবহন নিরাপদ করা, মার্কেটের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে এ কমিটি গঠন করা হয়েছে। তদারকি সেলকে সহযোগিতার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিতিতে কন্ট্রোল রুম চালু করে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের নাম, পদবি, ফোন নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাতে বলা হয়েছে। মনিটরিং সেলের কাজ হবে সব মহানগর পুলিশ কমিশনার, সব ডিআইজি রেঞ্জ, সব এসপি ও র্যাবের সব ইউনিটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। সংগৃহীত তথ্য ও পত্রপত্রিকা, রেডিও-টিভিতে প্রচারিত যেকোনো ধরনের দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং তাৎক্ষণিক প্রতিকারের বিষয়ে করণীয় ঠিক করে তদারকি সেলকে জানানো।