ঈদে নিরাপদ চলাচলে মহাসড়ক মেরামতের পরামর্শ
ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম ও লুত্ফুন নেছা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রণালয় ও এর অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম, ভবিষ্যত্ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পগুলোর অনুকূলে গত মে পর্যন্ত প্রাপ্ত বরাদ্দের প্রকল্পভিত্তিক অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সম্পর্কে বিস্তারিত আলোচনাও করা হয়।
সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অন্য কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।