লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কটির প্রায় ৮৯ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এসব গর্ত ও খানাখন্দ পেরিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। আর মাত্র পাঁচ দিন পর পবিত্র ঈদুল আজহা। ঘরমুখী মানুষ ফিরবে এ পথে। চাপ বাড়বে যানবাহনের। এই অবস্থায় তৈরি হয়েছে মহাসড়কটিতে দুর্ঘটনার শঙ্কা।
প্রায় ১০৬ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, বগুড়া, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের বহুসংখ্যক দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল করে। দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানির মালামালবাহী ট্রাকগুলোও এই পথে চলাচল করে। মহাসড়কের বেহাল অবস্থায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা এরই মধ্যে অতিরিক্ত ভাড়া দিয়েই মালামাল আনা-নেওয়া করছেন।
মহাসড়কটিতে রয়েছে ছোট-বড়-মাঝারি মিলিয়ে অর্ধশতাধিক বাঁক। এ ছাড়া আছে আদিতমারীর স্বর্ণামতি নদীর ওপর ঝুঁকিপূর্ণ স্বর্ণামতি সেতু।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম পৌরসভার শেষ প্রান্ত থেকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়কসেতু পর্যন্ত মহাসড়কের প্রায় ৮৯ কিলোমিটার অংশের অনেক জায়গায় পাথর ও পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী বদরুল আলম মজুমদার বলেন, স্থলবন্দর থেকে প্রতিবছর সরকার কোটি কোটি টাকার রাজস্ব পাচ্ছে। অথচ রাস্তা ভরা গর্ত। ট্রাকচালকেরা আসতে চান না। ভাড়া বেশি দিতে হয়।
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক বলেন, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের যে হাল হয়েছে, তাতে যানবাহন চলাচল করা বড়ই মুশকিল। মৃত্যুঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। যাত্রীদের নিরাপদে ঘরে ফেরার কোনো নিশ্চয়তা নেই।
বুড়িমারী স্থলবন্দরে পণ্য বহনকারী ট্রাকচালক আইনুল মিয়া বলেন, ‘কখন ট্রাক উল্টে যায় তার নাই ঠিক। আমরা জীবন বাজি রেখে গাড়ি চালাই।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মার্চে বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রাম পৌরসভার শেষ সীমানা পর্যন্ত ১৭ কিলোমিটার মহাসড়ক ৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। কিন্তু স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দরপত্রের নিয়ম মেনে কাজ করা হয়নি। এ কারণে চার মাস পরই মহাসড়কটির এই অবস্থা।
লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলেন, তিন ধাপে মহাসড়কের সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে। গত মার্চ থেকে মে মাসে ৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রাম পৌরসভার শেষ সীমানা পর্যন্ত ১৭ কিলোমিটারের সংস্কার করা হয়েছে। ১৫ কোটি টাকা ব্যয়ে পাটগ্রাম পৌরসভার শেষ সীমানা থেকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পর্যন্ত সংস্কারকাজের জন্য দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা থেকে আদিতমারীর সাপ্টিবাড়ী বাজার পর্যন্ত কাজের জন্য দরপত্র আহ্বানের প্রস্তাব জমা দেওয়া হয়েছে।