ঈদে নৌপথে ভাড়া কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত যাত্রী বহন, নৌ-ডাকাতি ঠেকানোসহ যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশের কার্যক্রম বাড়ানো হবে। এ জন্য নৌপথে পুলিশকে টহলের জন্য ২৫টি স্পিডবোট ও ৪০টি জাহাজ দেওয়া হবে। তবে গত ঈদের মতো কিলোমিটারপ্রতি ভাড়া কমানো হবে না।

আজ সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সভাকক্ষে ‘ঈদে সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন এবং যাত্রী ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে আন্তসংস্থা সমন্বয়ে প্রস্তুতি সভা’ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভার সভাপতি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুজ্জোহা খন্দকার বলেন, অতিরিক্ত যাত্রী বহনও লঞ্চ দুর্ঘটনার অন্যতম কারণ। তাই ঈদে এ বিষয়ে কঠোর ব্যবস্থা থাকবে। ২৫টি স্পিডবোটের মধ্যে পাঁচটি থাকবে ঢাকা জেলা প্রশাসনের অধীনে। তিনি বলেন, যেহেতু লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না, তাই ভাড়া কমানোর বিষয়ে লঞ্চমালিকরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন।
সভায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে প্রতি লঞ্চে পর্যাপ্ত বয়া ও জীবন রক্ষাকারী জ্যাকেট (লাইফ জ্যাকেট) রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়। মালিক প্রতিনিধিরা এতে আপত্তি জানিয়ে বলেন, সব যাত্রীর জন্য ‘লাইফ জ্যাকেট’ দেওয়া শিগগিরই সম্ভব নয়।
জাহাজমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বলেন, মালিকেরা কখনো চান না যে লঞ্চডুবি হোক বা যাত্রীরা প্রাণ হারাক। যাত্রী মারা গেলে মালিকদেরই দেখতে হয়, টাকাও দিতে হয়।
একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, নিহত যাত্রীদের সাহায্য করা হয় যাত্রীদেরই টাকা থেকে। সদরঘাট টার্মিনালে যাত্রীদের কাছ থেকে ‘নৌ-দুর্যোগ তহবিলে’ এই টাকা নেওয়া হয়। এ সময় সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
পরে বিআইডব্লিউটিএ ও যাত্রী সংগঠনের পক্ষ থেকে বলা হয়, যাত্রীদের কল্যাণে নৌ-দুর্যোগ তহবিল থেকে এ পর্যন্ত এক কোটি টাকা দেওয়া হয়েছে। মালিকেরা দিয়েছেন আট বছরে ১৩ লাখ টাকা।
সভায় অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), সমুদ্র পরিবহন অধিদপ্তর, জেলা প্রশাসন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।