ঈদে পায়ে পায়ে ফ্যাশনেবল জুতা
ঈদ যত ঘনিয়ে আসছে বিপণিবিতানগুলোতে ততই ভিড় বাড়ছে। পোশাক কেনাকাটার পাট চুকিয়ে অনেকে ক্রেতা এখন জুতার দোকানে ঢুঁ মারছেন।ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন জুতা। ঈদ সামনে রেখে বিভিন্ন ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র থেকে ফুটপাত, সব খানেই এসেছে নতুন ফ্যাশনের জুতা।পোশাকের ধরনের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রকমের জুতার চাহিদা বাড়ে-কমে বলে জানান বিক্রেতারা। বাটা, এপেক্স, ডাটা, ক্যাঙারুসহ বিভিন্ন ব্র্যান্ডের জুতার দোকান ছাড়াও ননব্র্যান্ড জুতার দোকানেও শিশু, তরুণ থেকে বয়স্ক পর্যন্ত সব বয়সের লোকের ভিড়।এ ছাড়া বিদেশি জুতার জন্য প্রসিদ্ধ নগরের তামাকুমুন্ডি লেনেও ঈদ সামনে রেখে জুতার কেনাকাটা জমজমাট আকার ধারণ করেছে। এবার মেয়েদের পোশাকের মধ্যে চলছে লম্বা দৈর্ঘ্যের পোশাক।লং সালোয়ার কামিজ, লং ফ্রক স্টাইলের সঙ্গে চলছে চুড়িদার পায়জামা, টাইস ও ল্যাগিংস। এই পোশাকের সঙ্গে চলছে ফ্ল্যাট স্যান্ডেল এবং সেমি হিলের জুতা। এ বছর তাই হাইহিলের কদর কম।নগরের নিউমার্কেট (বিপণিবিতান), মিমি সুপার মার্কেট, সেন্ট্রাল প্লাজা, সানমার ওশান সিটি, শপিং কমপ্লেক্স থেকে শুরু করে তামাকুমন্ডি লেনে নারী-পুরুষ এবং শিশুদের জন্য রয়েছে জুতার দোকান।দেশি-বিদেশি সব ধরনের জুতা এসব মার্কেটে পাওয়া যায়। বিভিন্ন বিপণিবিতানে ছেলেদের দুই ফিতার স্যান্ডেলের দাম ৬৫০ থেকে ৭০০ টাকা। নাগরা স্টাইলের জুতা এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা।গতকাল মঙ্গলবার বিকেলে বান্ধবীকে নিয়ে পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা কিনতে মিমি সুপার মার্কেটে আসেন নাদিয়া সুলতানা। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদের জন্য সেলাই করা বেগুনি রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে হালকা বেগুনি রঙের সেমি হিল জুতা নিয়েছি। জুতা কিনতে ফ্যাশনের দিকটা ভাবলেও তার পাশাপাশি আরামকেও প্রাধান্য দিয়েছি।’